দুবাইফেরত ফ্লাইটে সাড়ে ৫ কোটি টাকার অবৈধ পণ্য জব্দ

“১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩ আইফোন উদ্ধার, মালিকানাবিহীন ব্যাগেজে মিলল ১ হাজার ২০ কার্টন সিগারেট”

হোসেন বাবলা, চট্টগ্রাম। 

চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই থেকে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে বড় ধরনের অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ বিদেশি সিগারেট ও আইফোন জব্দ করেছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর (সিআইআইডি)। অভিযানে সবমিলিয়ে ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট ও ১৩টি আইফোন উদ্ধার করা হয়েছে। জব্দ করা এসব পণ্যের শুল্ক-করসহ মোট মূল্য প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা।

সংশ্লিষ্ট সূত্র জানায়, সোমবার (১৭ আগস্ট) সকাল ৮টা ১৮ মিনিটে দুবাই থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটটি শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। গোপন সংবাদের ভিত্তিতে ফ্লাইটটির যাত্রী ও ব্যাগেজের ওপর আগে থেকেই নজরদারি শুরু করেন কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের কর্মকর্তারা। বিমানবন্দরে ফ্লাইটটি অবতরণের পর শুরু হয় বিশেষ তল্লাশি অভিযান।

অভিযানের প্রথম পর্যায়ে এমডি মঈনুল আবদিন নামে এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করে প্লাটিনাম ব্র্যান্ডের ২৪৯ কার্টন এবং মন্ড ব্র্যান্ডের ১৫ কার্টন, মোট ২৬৪ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। একই সঙ্গে তার কাছ থেকে চারটি আইফোন জব্দ করা হয়।এরপর একই ফ্লাইটের আরেক যাত্রী আবদুল মান্নানের ব্যাগেজে অভিযান চালিয়ে প্লাটিনাম ব্র্যান্ডের ২৩৩ কার্টন ও মন্ড ব্র্যান্ডের ১৩ কার্টন, মোট ২৪৬ কার্টন সিগারেট উদ্ধার করেন কাস্টমস গোয়েন্দারা। এ সময় তার কাছ থেকেও চারটি আইফোন জব্দ করা হয়। অভিযান অব্যাহত রেখে নুরুল আলম রিয়াদ নামে অপর এক যাত্রীর ব্যাগেজ তল্লাশি করা হলে প্লাটিনাম ব্র্যান্ডের ২৬৫ কার্টন এবং ইজি ব্র্যান্ডের ৭ কার্টন, সর্বমোট ২৭২ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করা হয়। তার ব্যাগেজ থেকে আরও পাঁচটি আইফোন জব্দ করা হয়।মালিকানাবিহীন ব্যাগেজে মিলল হাজার কার্টনের বেশি সিগারেট তবে অভিযানের সবচেয়ে চাঞ্চল্যকর তথ্য মেলে বিমানবন্দরের ২ নম্বর ব্যাগেজ বেল্টে। সেখানে একই ফ্লাইটের একটি মালিকানাবিহীন ব্যাগেজ পড়ে থাকতে দেখা যায়। ব্যাগেজটি তল্লাশি করে কাস্টমস গোয়েন্দা কর্মকর্তারা প্লাটিনাম ব্র্যান্ডের আরও ১ হাজার ২০ কার্টন বিদেশি সিগারেট উদ্ধার করেন।

কর্তৃপক্ষের হিসাব অনুযায়ী, তিন যাত্রীর ব্যাগেজ থেকে উদ্ধার করা ৭৮২ কার্টন সিগারেটের সঙ্গে মালিকানাবিহীন ব্যাগেজ থেকে উদ্ধার করা ১ হাজার ২০ কার্টন যোগ হয়ে এক ফ্লাইট থেকেই মোট ১ হাজার ৮০২ কার্টন বিদেশি সিগারেট জব্দ করা হয়েছে।পাশাপাশি জব্দ করা হয়েছে ১৩টি আইফোন। কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের হিসাব অনুযায়ী, উদ্ধার করা সিগারেটের আনুমানিক বাজারমূল্য ৭৪ লাখ ৮ হাজার টাকা। এসব সিগারেটের ওপর ৬২১ শতাংশ হারে প্রযোজ্য শুল্ক-কর দাঁড়ায় প্রায় ৪ কোটি ৬০ লাখ ৩ হাজার ৬৮০ টাকা।

অন্যদিকে, উদ্ধার করা ১৩টি আইফোনের আনুমানিক মূল্য ১২ লাখ ৩৫ হাজার টাকা। এসব মোবাইল ফোনের ওপর ৫৮ শতাংশ হারে প্রযোজ্য শুল্ক-কর প্রায় ৭ লাখ ২৩ হাজার ৭১০ টাকা। সব মিলিয়ে উদ্ধার করা বিদেশি সিগারেট ও আইফোনের শুল্ক-করসহ মোট মূল্য দাঁড়িয়েছে প্রায় ৫ কোটি ৫৩ লাখ ৭০ হাজার ৩৯০ টাকা। একই ফ্লাইটে একাধিক যাত্রীর কাছ থেকে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও আইফোন উদ্ধার এবং সর্বোপরি মালিকানাবিহীন একটি ব্যাগেজে এক হাজারের বেশি কার্টন সিগারেট পাওয়ার ঘটনায় বিষয়টিকে অত্যন্ত গুরুত্বের সঙ্গে দেখছে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তর।

বিশেষ করে মালিকানাবিহীন ব্যাগেজে বিপুল পরিমাণ সিগারেট কীভাবে এল, এর প্রকৃত মালিক কে এবং এর সঙ্গে আন্তর্জাতিক চোরাচালান চক্রের কোনো যোগসূত্র রয়েছে কি না, এসব বিষয় খতিয়ে দেখা হচ্ছে। কাস্টমস গোয়েন্দাদের এ অভিযানকে বিমানবন্দরকেন্দ্রিক চোরাচালান প্রতিরোধে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

সংশ্লিষ্টরা বলছেন, শুল্ক ফাঁকি দিয়ে বিপুল পরিমাণ বিদেশি সিগারেট ও উচ্চমূল্যের মোবাইল ফোন দেশে প্রবেশের চেষ্টা শুধু রাষ্ট্রীয় রাজস্বের ক্ষতিই করছে না, বরং এর সঙ্গে জড়িত চোরাচালান চক্রের বিস্তৃত নেটওয়ার্কেরও ইঙ্গিত দিচ্ছে। ঘটনার সঙ্গে জড়িতদের শনাক্ত এবং জব্দ করা পণ্যের প্রকৃত মালিকানা নির্ধারণে কাস্টমস গোয়েন্দা ও তদন্ত অধিদপ্তরের তদন্ত কার্যক্রম অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ