জোরারগঞ্জে পুলিশের সাঁড়াশি অভিযানে চোলাইমদসহ গ্রেপ্তার ৪

হোসেন মিন্টুঃ

চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার পুলিশের ধারাবাহিক সাঁড়াশি অভিযানে ২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধারসহ জিআর পরোয়ানাভুক্ত, নিয়মিত মামলার আসামি এবং ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। পৃথক অভিযানে সর্বমোট চারজনকে আটক করে তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে সোপর্দ করেছে পুলিশ। জোরারগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল হালিমের নেতৃত্বে থানা পুলিশের একাধিক টিম গত ১৯ ও ২০ আগস্ট বিশেষ অভিযান পরিচালনা করে এসব গ্রেপ্তারি কার্যক্রম সম্পন্ন করে।

পুলিশ সূত্রে জানা যায়, এসআই (নিরস্ত্র) কামরুল হাসান সঙ্গীয় ফোর্সসহ গোপন সংবাদের ভিত্তিতে ১৯ আগস্ট সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে করেরহাট ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডের করেরহাট বাজারে বনফুল মিষ্টির দোকানের সামনে পাকা সড়কে অভিযান চালান। এ সময় ২০ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ মাদক কারবারি মিথুন চাকমা (৪০)-কে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। তিনি রাঙ্গামাটি জেলার সাজেক থানার রাতকাটামুখ এলাকার বাসিন্দা।

অপরদিকে, এএসআই (নিরস্ত্র) মো. আব্দুল ওয়াহেদ সঙ্গীয় ফোর্সসহ ২০ আগস্ট দুপুর ২টা ৩০ মিনিটে জিআর-২৩৭/১৭ মামলার পরোয়ানাভুক্ত আসামি মো. মাসুদ-কে করেরহাট ইউনিয়নের ঘেড়ামারা এলাকার নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করেন। এছাড়া, এসআই (নিরস্ত্র) মো. মাসুদ সঙ্গীয় ফোর্সসহ জোরারগঞ্জ থানার মামলা নং-১৮(৮)/২০২৬-এর এজাহারভুক্ত আসামি রিয়াদ হোসেন (৪৫)-কে ১৯ আগস্ট দুপুর আড়াইটার দিকে মেহেদীনগর এলাকা থেকে আটক করেন।

একই দিনে এসআই (নিরস্ত্র) কামরুল হাসান বারইয়ারহাট বাজার এলাকায় পৃথক অভিযান চালিয়ে ফৌজদারি কার্যবিধির ১৫১ ধারায় মো. শিহাব (২৩)-কে গ্রেপ্তার করেন। তিনি মধ্যম সোনাপাহাড় (বেদে গ্রাম) এলাকার বাসিন্দা।

জোরারগঞ্জ থানার ওসি মোহাম্মদ আব্দুল হালিম বলেন, “মাদক, অপরাধ ও আইনশৃঙ্খলা বিঘ্নকারী কর্মকাণ্ডের বিরুদ্ধে জোরারগঞ্জ থানার বিশেষ অভিযান অব্যাহত থাকবে। অপরাধীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না।”

গ্রেপ্তারকৃত চার আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া সম্পন্ন করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ