লালদিয়ার চর পুনর্বাসনে অগ্রগতির প্রত্যাশা
লালদিয়ার চর পুনর্বাসনে অগ্রগতির প্রত্যাশা
“অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরুর সঙ্গে পুনর্বাসন প্রত্যাশী প্রতিনিধিদের গুরুত্বপূর্ণ সাক্ষাৎ, উচ্ছেদকৃত পরিবারের তালিকা হস্তান্তর।”
হোসেন মিন্টুঃ
চট্টগ্রাম নগরীর পতেঙ্গা লালদিয়ার চর এলাকার উচ্ছেদকৃত পরিবারের দীর্ঘদিনের পুনর্বাসন দাবিকে সামনে রেখে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সঙ্গে এক গুরুত্বপূর্ণ বৈঠক অনুষ্ঠিত হয়েছে। শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত এ সাক্ষাতে পুনর্বাসন প্রত্যাশী পরিবারের প্রতিনিধিরা তাদের দাবি-দাওয়ার বিস্তারিত তুলে ধরেন এবং উচ্ছেদকৃত পরিবারের তালিকা মন্ত্রীর হাতে হস্তান্তর করেন।
জানা যায়, লালদিয়ার চর পুনর্বাসন প্রত্যাশী মানুষের পক্ষে কাদের ও নুর হোসেনের নেতৃত্বে একটি প্রতিনিধি দল মন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন। বৈঠকে লালদিয়ার চর থেকে উচ্ছেদ হওয়া অসংখ্য পরিবারের মানবিক সংকট, আবাসন অনিশ্চয়তা এবং দ্রুত পুনর্বাসনের প্রয়োজনীয়তার বিষয়টি গুরুত্বের সঙ্গে উপস্থাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন ৪১ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও পতেঙ্গা থানা বিএনপির সাবেক সভাপতি নুরুল আবছার, চট্টগ্রাম মহানগর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ মিয়া ভোলা, যুগ্ম আহ্বায়ক আলহাজ এম এ আজিজ, ৪১ নম্বর ওয়ার্ড বিএনপির আহ্বায়ক নাজমুল হুদা নাজিম উদ্দিন চৌধুরী, পাশাপাশি বিএনপি ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
সাক্ষাৎকালে প্রতিনিধিদল লালদিয়ার চর থেকে উচ্ছেদ হওয়া পরিবারের পুনর্বাসনকে একটি মানবিক ও ন্যায্য দাবি হিসেবে তুলে ধরে দ্রুত কার্যকর উদ্যোগ গ্রহণের আহ্বান জানান। এ সময় উচ্ছেদকৃত পরিবারের পূর্ণাঙ্গ তালিকা মন্ত্রীর কাছে আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করা হয়, যাতে পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়নের ক্ষেত্রে প্রয়োজনীয় প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নেওয়া সম্ভব হয়।
প্রতিনিধিদলের পক্ষ থেকে জানানো হয়, দীর্ঘদিন ধরে বাস্তুচ্যুত পরিবারগুলো অনিশ্চয়তার মধ্যে মানবেতর জীবনযাপন করছে। তাই দ্রুত পুনর্বাসন কার্যক্রম বাস্তবায়ন হলে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো স্বাভাবিক জীবনে ফিরে যাওয়ার সুযোগ পাবে।
এদিকে, লালদিয়ার চরবাসীর পুনর্বাসন আন্দোলনে নিরলসভাবে সহযোগিতা করে যাওয়া সংশ্লিষ্ট ব্যক্তিদের প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করা হয়েছে। বিশেষ করে নাঈম ও তুহিনের আন্তরিক ভূমিকার প্রশংসা করে তাদেরসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ জানানো হয়।
প্রতিনিধিরা আশা প্রকাশ করেন, অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর ইতিবাচক দৃষ্টিভঙ্গি এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সমন্বিত উদ্যোগের মাধ্যমে লালদিয়ার চরবাসীর বহুদিনের পুনর্বাসনের প্রত্যাশা শিগগিরই বাস্তবে রূপ নেবে। দীর্ঘদিনের এ মানবিক সংকট নিরসনে সরকারের কার্যকর পদক্ষেপ ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর জন্য স্বস্তির বার্তা বয়ে আনবে বলেও তারা আশাবাদ ব্যক্ত করেন।
Admin
এ সংক্রান্ত আরো খবর

