এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা ১২ কেজির সিলিন্ডার ১৮৩৭ টাকা
এলপিজির দাম বাড়ল ২৫২ টাকা ১২ কেজির সিলিন্ডার ১৮৩৭ টাকা
বাবুল হোসেন বাবলা,চট্টগ্রাম।
সরবরাহ সংকটের মধ্যে নতুন মূল্যবৃদ্ধি, চাপে নিম্ন ও মধ্যবিত্ত পরিবার
সরবরাহ সংকটের মধ্যেই অক্টোবর মাসের জন্য তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম ২৫২ টাকা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। নতুন নির্ধারিত দরে ১২ কেজির সিলিন্ডারের দাম দাঁড়িয়েছে ১ হাজার ৮৩৭ টাকা, যা গত সেপ্টেম্বরে ছিল ১ হাজার ৫৮৫ টাকা। হঠাৎ এ মূল্যবৃদ্ধিতে রান্নার জ্বালানি বাবদ বাড়তি ব্যয়ের চাপে পড়বেন সাধারণ ভোক্তারা, বিশেষ করে নিম্ন ও মধ্যবিত্ত পরিবারের মানুষ।
বিইআরসির নতুন মূল্যতালিকা অনুযায়ী, বেসরকারি এলপিজির দাম ভ্যাটসহ প্রতি কেজি ১৫৩ টাকা ৬ পয়সা নির্ধারণ করা হয়েছে। আগের মাসে এ দাম ছিল ১৩২ টাকা ১২ পয়সা। এ ছাড়া যানবাহনে ব্যবহৃত অটোগ্যাসের দাম প্রতি লিটারে ১১ টাকা ৫৩ পয়সা বাড়িয়ে ৮৪ টাকা ৬২ পয়সা করা হয়েছে।
নতুন নির্ধারিত দরে ৫ দশমিক ৫ কেজির সিলিন্ডার ৮৪২ টাকা, ১২ দশমিক ৫ কেজির সিলিন্ডার ১ হাজার ৯১৩ টাকা, ১৫ কেজির সিলিন্ডার ২ হাজার ২৯৬ টাকা এবং ১৬ কেজির সিলিন্ডার ২ হাজার ৪৪৯ টাকায় বিক্রি হবে।
বিইআরসি জানিয়েছে, সৌদি আরামকোর অক্টোবর মাসের প্রোপেন ও বিউটেনের সৌদি কনট্রাক্ট প্রাইসের (সিপি) ভিত্তিতে এ মূল্য সমন্বয় করা হয়েছে। পরবর্তী আদেশ না দেওয়া পর্যন্ত নতুন দাম কার্যকর থাকবে।
তবে আন্তর্জাতিক বাজারের মূল্য সমন্বয়ের চাপ শেষ পর্যন্ত এসে পড়ছে সাধারণ মানুষের সংসার খরচে। রান্নার জ্বালানির পেছনে বাড়তি অর্থ ব্যয় করতে হলে সীমিত আয়ের পরিবারগুলোকে খাদ্য, শিক্ষা, চিকিৎসা ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় খাতে ব্যয় সংকোচন করতে হতে পারে। একদিকে নিত্যপণ্যের ব্যয়, অন্যদিকে জ্বালানির মূল্যবৃদ্ধি-সব মিলিয়ে পারিবারিক বাজেটের ওপর বাড়তি চাপ তৈরি হচ্ছে। বিশেষ করে যেসব পরিবার রান্নার জন্য সম্পূর্ণভাবে এলপিজির ওপর নির্ভরশীল, তাদের জন্য এ ব্যয় সামাল দেওয়া আরও কঠিন হয়ে উঠতে পারে।
এর আগে সেপ্টেম্বরে ১২ কেজির সিলিন্ডারের দাম ১৩ টাকা কমানো হয়েছিল। আগস্টে দাম বেড়েছিল ৭০ টাকা। সর্বশেষ অক্টোবরে এক ধাক্কায় ২৫২ টাকা বৃদ্ধিতে এলপিজির বাজারে নতুন করে মূল্যচাপ তৈরি হয়েছে।
বিইআরসির নির্দেশনা অনুযায়ী, সরবরাহকারী থেকে খুচরা বিক্রেতা-কোনো পর্যায়েই নির্ধারিত দামের বেশি দামে এলপিজি ও অটোগ্যাস বিক্রি করা যাবে না। কিন্তু বাস্তবে ১২ কেজির সিলিন্ডার সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে কিনতে হয় বলে ভোক্তাদের অভিযোগ রয়েছে। ফলে নির্ধারিত মূল্য কার্যকর না হলে ঘোষিত দামবৃদ্ধির বাইরেও অতিরিক্ত অর্থ গুনতে হতে পারে সাধারণ মানুষকে।
এ অবস্থায় শুধু দাম নির্ধারণ নয়, বাজারে পর্যাপ্ত সরবরাহ নিশ্চিত করা, অতিরিক্ত মূল্য আদায় বন্ধ করা এবং নিয়মিত তদারকি জোরদার করা জরুরি। অন্যথায় জ্বালানির বাড়তি ব্যয়ের বোঝা সবচেয়ে বেশি বহন করতে হবে সীমিত আয়ের পরিবারগুলোকে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

