‘সবাইকে নিয়ে বাংলাদেশ-সবার আগে বাংলাদেশ’ বার্তা নিয়ে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান
‘সবাইকে নিয়ে বাংলাদেশ-সবার আগে বাংলাদেশ’ বার্তা নিয়ে চট্টগ্রামে প্রধানমন্ত্রী তারেক রহমান
হোসেন মিন্টুঃ
“জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময়, যোগ দেন বিএনপির সাংগঠনিক সভায়।”
শারদীয় দুর্গোৎসব উপলক্ষে ধর্মীয় সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা নিয়ে চট্টগ্রামে এসেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মঙ্গলবার (২০ অক্টোবর) রাত ৭টা ৪০ মিনিটে সামরিক বিমানে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। পরে নগরের ঐতিহাসিক জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেন, সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় ও মতবিনিময় সভায় অংশ নেন। এরপর বিএনপির সাংগঠনিক সভায় যোগ দেন প্রধানমন্ত্রী।
প্রধানমন্ত্রীর এই সফরে ধর্মীয় উৎসবের আনন্দ ভাগাভাগির পাশাপাশি সব নাগরিকের সমান অধিকার, মর্যাদা ও নিরাপত্তার বিষয়টি গুরুত্ব পায়। ‘সবাইকে নিয়ে বাংলাদেশ-সবার আগে বাংলাদেশ’ ভাবনার আলোকে সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক শ্রদ্ধাবোধের গুরুত্বও সামনে আসে।
বিমানবন্দরে অভ্যর্থনা-চট্টগ্রাম বিমানবন্দরে প্রধানমন্ত্রী ও তাঁর সফরসঙ্গীদের স্বাগত জানান বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য এবং অর্থ ও পরিকল্পনামন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ, বিএনপির কেন্দ্রীয় যুগ্ম মহাসচিব ও পানিসম্পদমন্ত্রী শহীদউদ্দীন চৌধুরী এ্যানি, বিএনপির চট্টগ্রাম বিভাগের সহসাংগঠনিক সম্পাদক ও ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, স্থানীয় সংসদ সদস্য এবং চট্টগ্রাম জেলা ও মহানগর বিএনপির নেতারা।

প্রধানমন্ত্রীর সফরসঙ্গীদের মধ্যে ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায়, ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী, সংস্কৃতিমন্ত্রী নিতাই রায় চৌধুরী, স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম, প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী বিজন কান্তি সরকার, বিএনপির বিশেষ সম্পাদক বেলায়েত হোসেন মৃধা, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের সহসভাপতি ও সংসদ সদস্য নিপুণ রায় চৌধুরী, বিএনপির সহকারী সাংগঠনিক সম্পাদক জয়ন্ত কুমার কুণ্ডু, প্রধানমন্ত্রীর প্রেস সচিব সালেহ শিবলী এবং অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমনসহ অন্যরা।
জেএম সেন হলে শুভেচ্ছা বিনিময়-বিমানবন্দরের আনুষ্ঠানিকতা শেষে প্রধানমন্ত্রী সরাসরি নগরের রহমতগঞ্জ এলাকার জেএম সেন হল পূজামণ্ডপে যান। রাত ৮টা ২০ মিনিটে সেখানে পৌঁছালে পূজা উদ্যাপন পরিষদের নেতারা ও সনাতন ধর্মাবলম্বীরা তাঁকে স্বাগত জানান। তিনি তাঁদের সঙ্গে শারদীয় দুর্গোৎসবের শুভেচ্ছা বিনিময় করেন এবং মতবিনিময় সভায় অংশ নেন।
এ সময় পূজা উদ্যাপন পরিষদের সভাপতি অধ্যাপক অর্পণ কান্তি ব্যানার্জী, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিখিল দাস, হিন্দুধর্মীয় কল্যাণ ট্রাস্টের ট্রাস্টি রাজীব ধর তমালসহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে পূজামণ্ডপ ও আশপাশের এলাকায় উৎসবমুখর পরিবেশ তৈরি হয়।
জেএম সেন হল চট্টগ্রামের অন্যতম ঐতিহ্যবাহী দুর্গাপূজার আয়োজনস্থল। পূজা উদ্যাপন পরিষদের নেতাদের ভাষ্য অনুযায়ী, স্বাধীনতার পর এই প্রথম কোনো দায়িত্বপ্রাপ্ত প্রধানমন্ত্রী সেখানে দুর্গাপূজার আয়োজন পরিদর্শনে গেলেন।
এক দিনে তিন বিভাগে সফর-চট্টগ্রামে আসার আগে মঙ্গলবার সকালে রাজধানীর তেজগাঁও বিমানবন্দর থেকে সামরিক বিমানে সৈয়দপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। সকাল ৯টা ৫০ মিনিটে সৈয়দপুর বিমানবন্দরে পৌঁছে রংপুরে যান তিনি। সেখানে তারাগঞ্জ ও পাগলাপীরে দুটি পথসভায় অংশ নেওয়ার পাশাপাশি রাধাগোবিন্দ মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরে রাজশাহীতে গিয়ে ঐতিহাসিক মাদ্রাসা মাঠে আয়োজিত জনসভায় অংশ নেন প্রধানমন্ত্রী। সেখানে ৩৮ হাজার ৯৭০ জন আখচাষির জন্য ১২ কোটি টাকার প্রণোদনা বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এরপর রাজশাহীর ধর্মসভা মন্দিরের পূজামণ্ডপ পরিদর্শন ও সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।
রংপুর ও রাজশাহীর কর্মসূচি শেষে সন্ধ্যায় চট্টগ্রামে পৌঁছে জেএম সেন হল পূজামণ্ডপ পরিদর্শন করেন প্রধানমন্ত্রী। দিনের কর্মসূচিতে জনসভা, কৃষকদের জন্য প্রণোদনা এবং ধর্মীয় সম্প্রদায়ের সঙ্গে শুভেচ্ছা বিনিময় স্থান পায়। চট্টগ্রামের কর্মসূচি শেষে রাতে ঢাকায় ফিরে যান তিনি।
প্রধানমন্ত্রীর এই সফর দুর্গোৎসবের আনন্দে বিভিন্ন ধর্মীয় সম্প্রদায়ের মানুষের সঙ্গে সংযোগ স্থাপনের পাশাপাশি জাতীয় ঐক্য ও সাম্প্রদায়িক সম্প্রীতির গুরুত্ব সামনে এনেছে।

