সিডিএর নির্দেশনা উপেক্ষা করে হেলে পড়া ভবনে সাততলার নির্মাণকাজ
সিডিএর নির্দেশনা উপেক্ষা করে হেলে পড়া ভবনে সাততলার নির্মাণকাজ
“পশ্চিম মাদারবাড়িতে ধসের শঙ্কা, আতঙ্কে এলাকাবাসী; বড় ধরনের দুর্ঘটনার আশঙ্কা।”
রাসেল মামুন, বিশেষ প্রতিনিধিঃ
চট্টগ্রাম নগরীর পশ্চিম মাদারবাড়ি এলাকার নিরিবিলি আবাসিকে হেলে পড়া একটি ভবনে ফের নির্মাণকাজ শুরু হওয়ায় চরম আতঙ্ক ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। প্রায় ৩০ বছর আগে নির্মিত চারতলা আবাসিক ভবনটি পরবর্তী সময়ে পাঁচতলায় উন্নীত করার সময় হেলে পড়ে বলে অভিযোগ রয়েছে। দীর্ঘদিন কাজ বন্ধ থাকার পর প্রায় তিন বছর বিরতি দিয়ে বর্তমানে ঝুঁকিপূর্ণ ভবনটিতে সাততলা নির্মাণের কাজ চলছে।
এলাকাবাসীর অভিযোগ, ভবনটির দৃশ্যমান ঝুঁকি থাকা সত্ত্বেও নির্মাণকাজ অব্যাহত রাখায় আশপাশের বাসিন্দাদের জীবন ও সম্পদের নিরাপত্তা মারাত্মক হুমকির মুখে পড়েছে। যেকোনো সময় ভবনটি ধসে পড়লে শুধু ওই ভবন নয়, আশপাশের একাধিক আবাসিক স্থাপনাও ক্ষতিগ্রস্ত হতে পারে। এতে শত শত মানুষের প্রাণহানির আশঙ্কাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না।
নাম প্রকাশে অনিচ্ছুক এক ভবনমালিক জানান, প্রায় ৩০ বছর আগে তৎকালীন উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশলী ইসমাইল হোসেনের মাধ্যমে ভবনটির চারতলা নির্মাণের অনুমোদন নেওয়া হয়েছিল বলে তারা জানেন। পরবর্তী সময়ে চারতলা ভবনটি পাঁচতলায় উন্নীত করার চেষ্টা করা হলে সেটি হেলে পড়ে। এরপরও কীভাবে সেই ঝুঁকিপূর্ণ ভবনে পুনরায় নির্মাণকাজ চালিয়ে সাততলা পর্যন্ত সম্প্রসারণ করা হচ্ছে, তা নিয়ে তারা উদ্বিগ্ন।
তিনি আরও অভিযোগ করেন, ভবনটির মালিক দুই ভাই শামছু ও মাহবুব অত্যন্ত প্রভাবশালী হওয়ায় আশপাশের ভবনমালিকেরা ভয়ে প্রকাশ্যে প্রতিবাদ করতে সাহস পাচ্ছেন না। তবে এসব অভিযোগের স্বাধীন যাচাই প্রয়োজন।
এদিকে ভবনটির মালিক শামছু ও মাহবুবের সঙ্গে সাংবাদিকদের পক্ষ থেকে যোগাযোগ করে নির্মাণকাজের অনুমোদন, নকশা এবং ভবনের নিরাপত্তাসংক্রান্ত তথ্য জানতে চাওয়া হলে তারা কোনো তথ্য দিয়ে সহযোগিতা করেননি। বরং বিষয়টি এড়িয়ে গেছেন বলে অভিযোগ রয়েছে।
এ বিষয়ে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) ইমারত পরিদর্শক জাফর ইসলামের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, তিনি সরেজমিনে ভবনটি পরিদর্শন করেছেন। ভবনমালিককে প্রয়োজনীয় কাগজপত্রসহ সিডিএ কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে। কিন্তু তিনি আজ-কাল আসবেন বলে বিভিন্ন অজুহাতে সময়ক্ষেপণ করছেন।
এ অবস্থায় এলাকাবাসীর প্রশ্ন, সিডিএর পরিদর্শনের পরও যদি প্রয়োজনীয় কাগজপত্র জমা না দিয়ে নির্মাণকাজ অব্যাহত রাখা হয়, তাহলে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পরবর্তী পদক্ষেপ কী? ঝুঁকিপূর্ণ ভবনটির প্রকৃত অবস্থা নির্ধারণে জরুরি কারিগরি পরীক্ষা এবং অনুমোদিত নকশা যাচাই করা হচ্ছে কি না, তা নিয়েও জনমনে প্রশ্ন দেখা দিয়েছে।
স্থানীয় ভবনমালিক ও বাসিন্দারা মনে করছেন, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান প্রকৌশলী বেলায়েতের নেতৃত্বে নগরীর পরিকল্পিত উন্নয়ন ও ভবন নির্মাণে শৃঙ্খলা প্রতিষ্ঠার যে প্রত্যাশা তৈরি হয়েছে, তার মধ্যে এমন অভিযোগ অত্যন্ত উদ্বেগজনক। তাদের মতে, সিডিএর নির্দেশনা উপেক্ষা করে নির্মাণকাজ চলতে থাকলে তা শুধু নগর উন্নয়ন কর্তৃপক্ষের কর্তৃত্বকেই প্রশ্নবিদ্ধ করবে না, বরং জননিরাপত্তার জন্যও ভয়াবহ পরিণতি ডেকে আনতে পারে।
এলাকাবাসীর জোর দাবি, সম্ভাব্য প্রাণহানি ও বড় ধরনের দুর্ঘটনা এড়াতে অবিলম্বে ভবনটির নির্মাণকাজ বন্ধ করে জরুরি ভিত্তিতে প্রকৌশলগত তদন্ত, অনুমোদিত নকশা ও নির্মাণসংক্রান্ত কাগজপত্র যাচাই এবং ভবনটির স্থিতিশীলতা পরীক্ষা করতে হবে। কোনো প্রভাব কিংবা ক্ষমতার দাপট যেন জননিরাপত্তার ঊর্ধ্বে স্থান না পায় এমনটাই প্রত্যাশা স্থানীয়দের।
Admin
এ সংক্রান্ত আরো খবর

