চট্টগ্রামে পুলিশের ভয়ে পুকুরে লাফ দিয়ে যুবকের মৃত্যু
চট্টগ্রামে পুলিশের ভয়ে পুকুরে লাফ দিয়ে যুবকের মৃত্যু
হোসেন মিন্টু,চট্টগ্রামঃ
চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন ডেবার পাড় এলাকায় পুলিশের উপস্থিতিতে ভয়ে পুকুরে লাফ দিয়ে মাসুদ রানা (৩০) নামে এক যুবকের মর্মান্তিক মৃত্যু হয়েছে। তিনি স্থানীয় বাসিন্দা নেছার আহমেদের ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, রোববার (২১ সেপ্টেম্বর) বিকেল ৩টার দিকে রাজা বাদশা ব্রিকফিল্ড এলাকার পাশে ডেবার পাড়ে মাদকসেবীদের একটি আড্ডা চলছিল। এ সময় বন্দর থানা পুলিশের একটি টহল টিম ঘটনাস্থলে পৌঁছালে উপস্থিত মাদকসেবী ও মাদক কারবারিরা দিগ্বিদিক পালাতে থাকে। পালিয়ে যাওয়ার সময় মাসুদ রানা পুকুরে লাফ দেন এবং আর উঠতে পারেননি।
পরে সোমবার (২২ সেপ্টেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিসের ডুবুরি দল তার মরদেহ উদ্ধার করে।
ফায়ার সার্ভিসের আগ্রাবাদ কন্ট্রোল রুম সূত্রে জানা গেছে, পুলিশ দেখে বেশ কয়েকজন যুবক পুকুরে ঝাঁপ দেয়। তাদের মধ্যে ৪-৫ জন সাঁতরে উঠতে সক্ষম হলেও মাসুদ রানা ডুবে যান।
চট্টগ্রাম ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক মো. আবদুল মান্নান আনসারী বলেন, “সকাল সাড়ে ৮টার দিকে ডেবার পাড়ের পুকুর থেকে একজনের মরদেহ উদ্ধার করা হয়েছে।”
বন্দর থানার পরিদর্শক (তদন্ত) সিরাজুল ইসলাম বলেন, “মরদেহটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।”
Admin
এ সংক্রান্ত আরো খবর

