পতেঙ্গায় পুলিশের উপর ‘মব’ হামলার ঘটনায় গ্রেপ্তার ২

হোসেন মিন্টুঃ

চট্টগ্রামের পতেঙ্গায় পুলিশের ওপর সংঘবদ্ধ হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় দু’জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (৯ অক্টোবর) বিকেলে পতেঙ্গা থানা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন।

গ্রেপ্তারকৃতরা হলেন-মো. শাহেদ খান (২৫) ও মো. নয়ন (৪২)।

পুলিশ জানায়, গত মঙ্গলবার সার্জেন্ট প্রিয়তোষ বড়ুয়া দায়িত্ব পালনকালে পতেঙ্গা মাছ বাজারের সামনে একটি অনুমোদনবিহীন ব্যাটারিচালিত টমটম গাড়িকে থামার সংকেত দেন। কিন্তু চালক সংকেত অমান্য করে বেপরোয়া গতিতে গাড়ি চালিয়ে যেতে থাকলে সার্জেন্ট প্রিয়তোষ গাড়িটি আটক করেন।

এ সময় মো. শাহেদ খান বাধা প্রদান করেন এবং তার সঙ্গে থাকা ৮-১০ জন সহযোগী মিলে একটি ‘মব’ তৈরি করে পুলিশের ওপর হামলা চালায়। হামলায় পুলিশ সদস্য নজরুল ইসলাম আহত হন।

ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন বলেন, “সরকারি কাজে বাধা ও পুলিশের ওপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় দু’জনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।”

নিউজটি শেয়ার করুনঃ