ঢাকা-চট্টগ্রাম-কুয়ালালামপুর তিন সিটির সরাসরি ফ্লাইট চালুর ওপর গুরুত্বারোপ

হোসেন মিন্টুঃ

“চিটাগাং চেম্বার নেতৃবৃন্দের সঙ্গে মালয়েশিয়া হাই কমিশনারের মতবিনিময়”

দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিসিসিআই)-র ব্যবসায়ী নেতৃবৃন্দের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার হাই কমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান (H.E. Mr. Mohd. Shuhada Othman) এর এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৭ নভেম্বর) বিকেলে ওয়ার্ল্ড ট্রেড সেন্টারের কনফারেন্স হলে এই সভা অনুষ্ঠিত হয়।

চেম্বার প্রশাসক মোহাম্মদ নূরুল্লাহ নূরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন চেম্বারের সাবেক সভাপতি ও থাইল্যান্ডের অনারারি কনসাল আমীর হুমায়ুন মাহমুদ চৌধুরী, সাবেক সিনিয়র সহ-সভাপতি এম. এ. ছালাম, মালয়েশিয়ার অনারারি কনসাল মোহাম্মদ আক্তার পারভেজ, চেম্বারের সাবেক পরিচালক জহিরুল ইসলাম চৌধুরী আলমগীর, পান রপ্তানিকারক এসোসিয়েশনের সভাপতি মো. একরামুল করিম চৌধুরী, পার্ক শিপিংয়ের এমডি হুমায়ুন কবির পাটোয়ারী, ট্রাস্টেড শিপিং লাইন্স লিমিটেডের নির্বাহী পরিচালক ওয়াহিদ আলম ও উইমেন চেম্বারের পরিচালক আমিনা শাহিন।

এ ছাড়া উপস্থিত ছিলেন চেম্বারের প্রাক্তন পরিচালক কামাল মোস্তফা চৌধুরী, ফিলিপাইনের অনারারি কনসাল এম. এ. আউয়াল, ইন্ডাস্ট্রিয়ালিস্ট বিজনেস ডেভেলপমেন্ট ফাউন্ডেশনের সেক্রেটারি শাহজাহান মহিউদ্দিন, গার্মেন্টস এক্সেসরিজ এসোসিয়েশনের পরিচালক আরিফ হোসেন, সেন্ট্রাল প্লাজা ব্যবসায়ী সমিতির সভাপতি মোস্তাক আহমেদ চৌধুরী, বিএসআরএম গ্রুপের ম্যানেজার ইফাত চৌধুরী এবং হাই কমিশনের ফার্স্ট সেক্রেটারি হাজওয়ান বিন হাসনল। ধন্যবাদ জ্ঞাপন করেন চেম্বারের যুগ্ম সচিব নুরুল আবছার চৌধুরী।

সভায় হাই কমিশনার মোহাম্মদ শুহাদা ওসমান বলেন, গত আগস্টে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার প্রধান ড. মুহাম্মদ ইউনূসের মালয়েশিয়া সফরে ৫টি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে, যা দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও সুদৃঢ় করবে। তিনি জানান, বাংলাদেশ হলো আসিয়ানভুক্ত নয় এমন দেশগুলোর মধ্যে মালয়েশিয়ার দ্বিতীয় বৃহত্তম বাণিজ্যিক অংশীদার। বর্তমানে প্রায় ৯ হাজার বাংলাদেশি শিক্ষার্থী মালয়েশিয়ার বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছে।

তিনি বলেন, বাংলাদেশ থেকে বিপুল সংখ্যক রোগী বিদেশে চিকিৎসার জন্য যান। মালয়েশিয়ার আধুনিক স্বাস্থ্যসেবা এ খাতে বাংলাদেশিদের জন্য সম্ভাবনাময় গন্তব্য হতে পারে। পাশাপাশি হালাল সনদ গ্রহণের মাধ্যমে বাংলাদেশ হালাল পণ্য উৎপাদন ও প্রক্রিয়াকরণে বৈদেশিক মুদ্রা অর্জনের সুযোগ পাচ্ছে। চট্টগ্রামের ভৌগোলিক সুবিধা বিবেচনায় টেলিকমিউনিকেশন, সিকিউরিটি, হেলথ কেয়ার, ম্যানুফ্যাকচারিং ও এনার্জি সেক্টরে দ্বিপাক্ষিক বিনিয়োগের বড় সম্ভাবনা রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

চেম্বার প্রশাসক নূরুল্লাহ নূরী বলেন, মালয়েশিয়ায় অবস্থানরত মোট প্রবাসীর ৩৭ শতাংশই বাংলাদেশি। ২০২৫ সালের সেপ্টেম্বর পর্যন্ত মালয়েশিয়া বাংলাদেশে রপ্তানি করেছে ২০৬.৬ মিলিয়ন মার্কিন ডলারের পণ্য, বিপরীতে বাংলাদেশ রপ্তানি করেছে মাত্র ৩৮.২ মিলিয়ন ডলার। প্রায় ৩ বিলিয়ন ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যের বিপরীতে বিপুল বাণিজ্য ঘাটতি রয়ে গেছে। এই ঘাটতি কমাতে তিনি মিরসরাই অর্থনৈতিক অঞ্চল, বে-টার্মিনাল এবং বিভিন্ন রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলে মালয়েশিয়ান বিনিয়োগের আহ্বান জানান।

সভায় অন্যান্য বক্তারা বলেন, বাংলাদেশের ভোজ্য তেলের বাজারে মালয়েশিয়ান পামওয়েলের ব্যাপক চাহিদা রয়েছে। তারা আশিয়ানভুক্তিতে মালয়েশিয়ার সহায়তা, ভিসা প্রক্রিয়া সহজীকরণ এবং রাবার ও শিপিং সেক্টরে মালয়েশিয়ান বিনিয়োগকারীদের অংশগ্রহণ বাড়ানোর আহ্বান জানান। একই সঙ্গে ব্যবসায়ীদের মধ্যে সম্পর্ক জোরদারে নিয়মিত বাণিজ্য প্রতিনিধিদল বিনিময়ের উপর গুরুত্বারোপ করা হয়।

সভায় বক্তারা ঢাকা-চট্টগ্রাম-কুয়ালালামপুর রুটে সরাসরি ফ্লাইট চালু করারও জোর দাবি জানান।

নিউজটি শেয়ার করুনঃ