কক্সবাজার বেড়াতে যাওয়ার পথে ট্রাক-কারের মুখোমুখি সংঘর্ষে চার যুবক নিহত
কক্সবাজার বেড়াতে যাওয়ার পথে ট্রাক-কারের মুখোমুখি সংঘর্ষে চার যুবক নিহত
চট্টগ্রাম দক্ষিণ জেলা প্রতিনিধিঃ
চট্টগ্রামের লোহাগাড়ায় ট্রাকের সঙ্গে কারের মুখোমুখি সংঘর্ষে চারজন নিহত হয়েছে। এ সময় গুরুতর আহত হয়েছেন একজন। আজ সোমবার ভোরে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কে লোহাগাড়ার আধুনগর ইউনিয়ন পরিষদ (ইউপি) কার্যালয় এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত চারজনের মধ্যে দুজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন চট্টগ্রাম নগরের কোতোয়ালি এলাকার ফারুক হোসেনের ছেলে রিজভী শাকিব (২৪) ও লোহাগাড়ার আমিরাবাদের মৃত নাসির উদ্দিনের ছেলে মো. হারুনুর রশিদ (৩২)। আহত ব্যক্তিকে প্রথমে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও পরে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। হতাহত ব্যক্তিরা কারের আরোহী ছিলেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, আজ ভোর সাড়ে পাঁচটার দিকে মহাসড়কের আধুনগর ইউপি কার্যালয়ের সামনে চট্টগ্রামমুখী ট্রাকের সঙ্গে কক্সবাজারমুখী কারের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে কারটি দুমড়েমুচড়ে যায়। এ সময় কারের চার যাত্রী ও চালক গুরুতর আহত হন। পরে স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে আহত ব্যক্তিদের উদ্ধার করে লোহাগাড়া সদরের বেসরকারি মা-মণি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক চারজনকে মৃত ঘোষণা করেন। আহত একজনকে লোহাগাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সিরাজুল ইসলাম দুর্ঘটনায় চারজনের মৃত্যুর খবরের সত্যতা নিশ্চিত করেন। নিহত ব্যক্তিদের মধ্যে যে দুজনের পরিচয় পাওয়া যায়নি, তাঁদের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে বলে জানান। ধারণা করা হচ্ছে, ট্রাকটি মালামাল নামিয়ে চট্টগ্রামের দিকে ফিরছিল। আর কারটির যাত্রীরা কক্সবাজার ভ্রমণে যাচ্ছিলেন। দুটি গাড়িই হাইওয়ে থানা-পুলিশের হেফাজতে নেওয়া হয়েছে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

