১৭ দিন পর মারা গেলেন আহত ব্যক্তি
স্টাফ রিপোর্টারঃ
নড়াইলের লোহাগড়া উপজেলার বয়রা গ্রামে তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে দুর্বৃত্তদের হামলায় আহত সাহেব শেখ (৫৭) নামে এক ব্যক্তি ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর মারা গেছেন। বুধবার সকালে তিনি খুলনা মেডিকেল কলেজ হাসপাতালে মারা যান। পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলার লক্ষ্মীপাশা ইউনিয়নের বয়রা গ্রামের দক্ষিণপাড়ায় গত ১৯ সেপ্টেম্বর বিকেলে স্থানীয় একটি বিলে মাছ ধরার ঘুনি পাতাকে কেন্দ্র করে সাহেব শেখের সাথে একই গ্রামের জমির শিকদারের মধ্যে তর্ক-বিতর্ক হয়।

এক পর্যায়ে জমির শিকদারকে মারপিট করে সাহেব শেখ। এর জের ধরে ওইদিন রাত আটটার দিকে জমির শিকদারের ছেলে কিনু শিকদার, উজ্জ্বল শিকদার ও কামেল শিকদার ধারালো অস্ত্র নিয়ে সাহেব শেখের বাড়িতে হামলা চালিয়ে তার পেটে এবং শরীরের বিভিন্ন স্থানে কুপিয়ে গুরুতর জখম করে। এ সময় ঠেকাতে গেলে দুর্বৃত্তরা সাহেবের ছেলে সোহাগ শেখকেও কুপিয়ে আহত করে। এলাকাবাসী তাদেরকে উদ্ধার করে প্রথমে লোহাগড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে ওই রাতেই খুুলনা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন। খুলনায় ১৭ দিন চিকিৎসাধীন থাকার পর বুধবার সকালে সাহেব শেখ মারা যান। বুধবার দুপুরে খুুলনা মেডিকেল কলেজ হাসপাতালে তার লাশের ময়নাতদন্ত হয়েছে। লোহাগড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু হেনা মিলন ঘটনার এই তথ্য নিশ্চিত করেছেন। তিনি বলেন, বয়রা গ্রামের ঘটনায় চারজনকে আসামি করে থানায় একটি মামলা হয়েছে। সেটিই এখন হত্যা মামলায় রূপান্তরিত হবে।

নিউজটি শেয়ার করুনঃ