ফাইজার টিকাদান কার্যক্রম উদ্বোধন করলেন মেয়র টিটু
ময়মনসিংহ জেলা প্রতিনিধিঃ
ময়মনসিংহ সিটি কর্পোরেশনের ইপিআই সেবা কেন্দ্রে ফাইজার টিকাদান কার্যক্রম শুরু হয়েছে। রোববার বেলা ১১ টায় এ কার্যক্রমের উদ্বোধন করেন মেয়র মোঃ ইকরামুল হক টিটু। যথাযথ কোল্ড চেইন ম্যানেজমেন্টের মাধ্যমে শীতাতপ নিয়ন্ত্রিত কক্ষে টিকাদান করা হচ্ছে। এবং চারটি বুথে স্বাচ্ছন্দে সবাই টিকা নিতে পারছেন। প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ জানান, প্রতিদিন ১ হাজার মানুষকে ফাইজার টিকা প্রদানের লক্ষ্যমাত্রা সিটি কর্পোরেশনের রয়েছে। এ পর্যায়ে সর্বমোট ১৯ হাজার ৮ শ মানুষকে ১ম ডোজ ফাইজার টিকাদান করা হবে। মেয়র বলেন, ফাইজার টিকা প্রদানের জন্য নির্ধারিত যা যা ব্যবস্থাপনা রয়েছে তা আমরা নিশ্চিত করেছি। এছাড়া নিজস্ব ভবনে টিকা প্রদানের ব্যবস্থা করেছি।
মেয়র আরও বলেন, আমরা সৌভাগ্যবান যে আমরা জননেত্রী শেখ হাসিনার মতো একজন প্রধানমন্ত্রী পেয়েছি। তাঁর মানবিকতা ও দূরদর্শী নেতৃত্বের কারণে করোনায় বহু দেশের তুলনায় আমরা ভালো অবস্থায় রয়েছি। উদ্বোধনকালে ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ মোঃ নজরুল ইসলাম, সিটি কর্পোরেশনের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ এইচ কে দেবনাথ, জনসংযোগ কর্মকর্তা শেখ মাহাবুল হোসেন রাজীব, মেডিকেল অফিসার ডাঃ রেদাউর রহমান খান, বিশ্ব স্বাস্থ্য সংস্থা প্রতিনিধি, সিটি কর্পোরেশনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

 

নিউজটি শেয়ার করুনঃ