চট্টগ্রামে প্রাণি সম্পদ অধিদপ্তরের দুই কর্মকর্তা ও এক ঠিকাদারকে এক বছর নয় মাস দণ্ড দিয়েছে আদালত
চট্টগ্রাম মহানগর সংবাদদাতাঃ
চট্টগ্রামে প্রাণি সম্পদ অধিদপ্তরের দুই কর্মকর্তা ও এক ঠিকাদারকে মোট এক বছর নয় মাস দণ্ড দিয়েছে আদালত। সরকারী প্রকল্পের ১০ লাখ টাকা আত্মসাতের দায়ে এক যুগেরও বেশি সময়ের পর আজ এ রায় দেন। এছাড়া করা হয়েছে ১১ লাখ টাকার বেশি জরিমানা। সোমবার (২৮মার্চ) বিচারের প্রক্রিয়া শেষে চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতের বিচারক মুনসী আবদুল মজিদ এ রায় দেন। দণ্ডিতরা হলেন, প্রাণী সম্পদ অধিদপ্তরের সাবেক সহকারী পরিচালক মো. আলী আকবর ও ছাগল উন্নয়ন কর্মসূচির সেসময়ের ডেপুটি প্রোগ্রাম কো-অর্ডিনেটর আলেক মণ্ডল এবং ঐ কাজের ঠিকাদারি প্রতিষ্ঠান আলম ট্রেডিং করপোরেশনের মালিক মো. মাহবুব আলম। বিষয়টি নিশ্চিত করেন দুদকের পিপি মাহমুদুল হক মাহমুদ।

তিনি বলেন, রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। পরে তাদের কারাগারে পাঠানো হয়। দণ্ডবিধির ৪০৯ ধারায় তিনজনকে এক বছর করে সশ্রম কারাদণ্ড, মোট ১১ লাখ টাকা জরিমানা এবং অনাদায়ে প্রত্যেকের তিন মাসের সাজা দিয়েছেন আদালত। তিনি আরো বলেন, এছাড়া দণ্ডবিধির ৪৭৭ ধারায় ছয় মাস করে সশ্রম কারাদণ্ড, ৫০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরো এক মাসের সাজা। আর দুর্নীতি প্রতিরোধ আইনের ৫(২) ধারায় প্রত্যেকের তিন মাস করে সাজা, ২০ হাজার টাকা জরিমানা এবং অনাদায়ে আরও এক মাসের সাজার আদেশ দেওয়া হয়েছে।মাহমুদুল হক মাহমুদ বলেন,হাটহাজারী উপজেলায় পশু সম্পদ অধিদপ্তরের দারিদ্র্য বিমোচনে ছাগল উন্নয়ন প্রকল্পের সীমানা দেয়াল নির্মাণের কাজ না করে পরস্পর যোগসাজশে আসামিরা ১০ লাখ ২৯ হাজার ৫৮২ টাকার বিল তুলে আত্মসাৎ করেছেন বলে মামলায় অভিযোগ আনা হয়।২০০৯ সালের ২৯ জুন সে সময়ের দুর্নীতি দমন ব্যুরো মামলাটি করে ছিলেন। ২০১০ সালের ২৮ এপ্রিল অভিযোগপত্র দেওয়া হয়। মামলার সাক্ষ্যগ্রহণ শেষে সোমবার ২৮মার্চ এ রায় প্রদান করে।

নিউজটি শেয়ার করুনঃ