মাদারীপুরের অর্ধশত যুবক প্রতারিত ও নির্যাতনের শিকার

আরিফুর রহমান, মাদারীপুরঃ

ভাল বেতন, উন্নত জীবন-এমন স্বপ্ন দেখিয়ে মাদারীপুর সদর উপজেলার শিরখাড়া গ্রামের অর্ধশতাধিক যুবককে ইতালি পাঠানোর প্রলোভন দেন এলাকার দালাল জামাল কারিগর। কিন্তু সেই স্বপ্ন পরিণত হয় ভয়ঙ্কর দুঃস্বপ্নে। ইউরোপ নয়, তারা পৌঁছে যান লিবিয়ার নির্যাতন ঘরে। বেঁধে রাখা হয় গেমঘরে, চলে নির্মম নির্যাতন। পরিবারকে দেখানো হয় নির্যাতনের ভিডিও, আদায় করা হয় মোটা অংকের মুক্তিপণ।

একজনের নয়, একই গ্রামের অসংখ্য যুবক ও তাদের পরিবার এখন সর্বস্বান্ত। কেউ প্রাণ হারিয়েছে, কেউ এখনও নিখোঁজ।

প্রলোভনের ফাঁদে পড়ে লিবিয়ায় বিক্রি

ঘুনসি গ্রামের হাসান হাওলাদার ছিলেন মাদারীপুর সরকারি কলেজের একাদশ শ্রেণির ছাত্র। ২০২২ সালে ১৩ লাখ টাকায় স্পন্সর ভিসায় ইতালি যাওয়ার চুক্তি হয় জামাল কারিগরের সঙ্গে। তাকে প্রথমে দুবাই, পরে লিবিয়া নিয়ে বিক্রি করে দেওয়া হয় মাফিয়াদের কাছে। পরিবার থেকে ১৫ লাখ টাকা আদায় করা হয় নির্যাতনের ভিডিও দেখিয়ে। বর্তমানে তার পরিবারের সঙ্গে যোগাযোগ নেই।

একই এলাকার রুহুল শেখ নির্যাতনে প্রাণ হারিয়েছেন। মিন্টু হাওলাদারকে ১৮ মাস আগে লিবিয়ায় পাঠিয়ে করা হয় অমানবিক নির্যাতন; মুক্তিপণ দিতে হয় ২০ লাখ টাকা। মিঠু দাস, শাহ আলমসহ অনেককেই একই কায়দায় জিম্মি করা হয়।

অভিযোগ করলেই উল্টো মামলা

ভুক্তভোগী পরিবারগুলো প্রতিকার চেয়ে মামলা করলে জামাল ও তার সিন্ডিকেট মিথ্যা মামলায় হয়রানি শুরু করে। কেউ কেউ জেলও খেটেছেন। হাসান হাওলাদারের বাবা বলেন, “মামলা করায় জামাল আমার বিরুদ্ধেই মিথ্যা মামলা দেয়, আমি জেল খাটি।”

স্থানীয়দের অভিযোগ: জামাল একটি ভয়ঙ্কর মানবপাচার চক্রের হোতা

স্থানীয়দের ভাষ্য মতে, জামাল কারিগর দীর্ঘদিন ধরে মানবপাচারের সিন্ডিকেট পরিচালনা করছেন। মাদারীপুর সদরসহ আশপাশের গ্রাম থেকে শতাধিক যুবককে ইউরোপে পাঠানোর লোভ দেখিয়ে লিবিয়ায় পাঠিয়ে নির্যাতনের মাধ্যমে কোটি টাকা হাতিয়ে নিচ্ছে এই চক্র। জামাল আওয়ামী লীগের ঘনিষ্ঠ হওয়ায় অনেকেই মুখ খুলতে সাহস পান না।

আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন

পুলিশ সূত্রে জানা গেছে, জামালের বিরুদ্ধে বিভিন্ন থানায় অন্তত ১০টির বেশি মামলা রয়েছে। তবে প্রতিবারই জামিনে মুক্ত হয়ে ফের সক্রিয় হয়ে ওঠে।

অতিরিক্ত পুলিশ সুপার ভাস্কর সাহা বলেন, “দালালদের দ্রুত আইনের আওতায় আনা হবে। কাউকে ভয়ভীতি দেখিয়ে রেহাই পাওয়া যাবে না।”

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ওয়াদিয়া শাবাব বলেন, “স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের নির্দেশে ইতোমধ্যে দালালদের তালিকা তৈরি করা হয়েছে। তালিকা হাটবাজারে টানানো হবে।”

স্বজনদের আহ্বান: জামালের দৃষ্টান্তমূলক শাস্তি দিন

ভুক্তভোগী মিন্টু হাওলাদারের মা বলেন, “আমার ছেলেকে মাফিয়ার কাছে বিক্রি করেছে জামাল। তার মতো শত শত ছেলের জীবন ধ্বংস করেছে। আমরা তার বিচার চাই।”

নিউজটি শেয়ার করুনঃ