চাঁদাবাজি নিয়ে লাইভের পরই সাংবাদিককে কুপিয়ে হত্যা
চাঁদাবাজি নিয়ে লাইভের পরই সাংবাদিককে কুপিয়ে হত্যা
রাসেল মামুন,বিশেষ প্রতিনিধিঃ
গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় মো. আসাদুজ্জামান তুহিন (৩৮) নামে এক সাংবাদিককে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৭ আগস্ট) রাত ৮টার দিকে মসজিদ মার্কেটের সামনে এ ঘটনা ঘটে।
নিহত তুহিন দৈনিক প্রতিদিনের কাগজ পত্রিকার গাজীপুর প্রতিনিধি ছিলেন। তার বাড়ি ময়মনসিংহের ফুলবাড়িয়া উপজেলার ভাটিপাড়া গ্রামে। তিনি স্ত্রী ও দুই সন্তানকে নিয়ে গাজীপুরে বসবাস করতেন।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, রাতের দিকে তুহিন মসজিদ মার্কেটের সামনে একটি চায়ের দোকানে বসেছিলেন। এ সময় একদল সন্ত্রাসী তাকে ঘিরে ফেলে ধারালো অস্ত্র দিয়ে উপর্যুপরি কোপাতে থাকে। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। হামলাকারীরা লোকজনের সামনেই কুপিয়ে পালিয়ে যায়।
তুহিনের সহকর্মীরা জানান, হত্যার কয়েক ঘণ্টা আগে তিনি চান্দনা চৌরাস্তার ফুটপাত দখল ও চাঁদাবাজি নিয়ে একটি ফেসবুক লাইভ করেন। পরে সন্ধ্যায় নিজের ফেসবুক অ্যাকাউন্টে আরেকটি ভিডিও পোস্ট করে এলাকার রাস্তার অব্যবস্থাপনার বিষয়েও মন্তব্য করেন।
এ বিষয়ে বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বলেন, “খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে। হত্যাকাণ্ডের বিষয়টি গুরুত্ব সহকারে তদন্ত করা হচ্ছে।”
এদিকে সাংবাদিক হত্যাকাণ্ডের ঘটনায় জাতীয় ক্রাইম রিপোর্টার্স সোসাইটি, গাজীপুর মহানগর শাখা তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে। সংগঠনটির পক্ষ থেকে বলা হয়, “গাজীপুরে সাংবাদিক হত্যা জাতির জন্য একটি দুঃখজনক বিষয়। আমরা সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে দাবি জানাই, আগামী ২৪ ঘণ্টার মধ্যে এই হত্যাকাণ্ডে জড়িত সকল অপরাধীকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা করা হোক।”
Admin
এ সংক্রান্ত আরো খবর

