হসপিটালিটি ও হেলথ কেয়ার খাতে অসামান্য উদ্যোগের আন্তর্জাতিক স্বীকৃতি পেলেন সালাউদ্দীন আলী

হোসেন মিন্টুঃ

হসপিটালিটি ও হেলথ কেয়ার শিল্পে উদ্ভাবনী চিন্তা, মানবিক সেবা এবং আন্তর্জাতিক মানদণ্ডে প্রতিষ্ঠান পরিচালনার অসাধারণ অবদানের স্বীকৃতিস্বরূপ বাংলাদেশের খ্যাতনামা উদ্যোক্তা সালাউদ্দীন আলী-কে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি প্রদান করেছে গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি।

শুক্রবার (১৭ অক্টোবর ২০২৫) শ্রীলঙ্কার রাজধানী কলম্বোর আন্তর্জাতিক কনভেনশন সেন্টার BMICH-এ আয়োজিত এক বর্ণাঢ্য সমাবর্তন অনুষ্ঠানে এই ডিগ্রি প্রদান করা হয়। বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, বোর্ড অব ট্রাস্টিজের সদস্য এবং আন্তর্জাতিক শিক্ষাবিদদের উপস্থিতিতে সালাউদ্দীন আলীর হাতে সম্মাননা তুলে দেওয়া হয়।

অনুষ্ঠানে শ্রীলঙ্কা, ভারতসহ বিভিন্ন দেশের উচ্চপদস্থ অতিথি, নীতিনির্ধারক, গবেষক ও বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিতদের মধ্যে ছিলেন, শ্রীলঙ্কার সাবেক রাষ্ট্রপতি মৈত্রীপালা সিরিসেনা, কিংবদন্তি ক্রিকেটার চামিন্দা ভাস, ভারতীয় অভিনেতা আলী, ড. এমার জিত সিং, মি. জাকির হোসেন, আজোরা শর্মা, পাকিস্তান হাইকমিশনের কালচারাল উইং বাংলাদেশের প্রতিনিধি মাসুম বিল্লাল ফারদিন প্রমুখ।

দীর্ঘদিন ধরে হসপিটালিটি ও স্বাস্থ্যসেবা খাতে ব্যবসায়িক দক্ষতা, প্রযুক্তিনির্ভর ব্যবস্থাপনা, গ্রাহককেন্দ্রিক সেবা এবং মানবিক মূল্যবোধের সমন্বয়ে কাজ করে যাচ্ছেন সালাউদ্দীন আলী। গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটি তাদের মূল্যায়নে উল্লেখ করে, “হেলথ কেয়ার ও হসপিটালিটির মতো মানবসেবামূলক খাতে আন্তর্জাতিক মান প্রতিষ্ঠা করে সালাউদ্দীন আলী শুধু একজন সফল উদ্যোক্তা নন, বরং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক অনুকরণীয় দৃষ্টান্ত।”

সম্মাননা গ্রহণের পর এক আবেগঘন প্রতিক্রিয়ায় সালাউদ্দীন আলী বলেন, “আমি গ্লোবাল হিউম্যান পিস ইউনিভার্সিটির প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করছি। এই সম্মাননা আমার দায়িত্ব আরও বাড়িয়ে দিয়েছে। আমি বিশ্বাস করি, ব্যবসা শুধুই মুনাফার জন্য নয়-মানুষের কল্যাণ, শান্তি এবং সেবাই এর প্রকৃত উদ্দেশ্য।দেশের বাইরে এ ধরনের মর্যাদাপূর্ণ স্বীকৃতি আমার জীবনের অন্যতম বড় অর্জন, যা ভবিষ্যতে আমাকে আরও বড় দায়িত্ব পালনে অনুপ্রাণিত করবে।”

অনুষ্ঠানে আলোচকরা মত দেন, সালাউদ্দীন আলীর নেতৃত্ব প্রমাণ করেছে-ব্যবসা ও মানবিকতা একসঙ্গে এগোলে দেশের অর্থনীতি, কর্মসংস্থান ও স্বাস্থ্যব্যবস্থায় টেকসই পরিবর্তন সম্ভব। এই আন্তর্জাতিক সম্মাননার মাধ্যমে বাংলাদেশের হসপিটালিটি ও হেলথ কেয়ার খাত বৈশ্বিক পর্যায়ে নতুনভাবে স্বীকৃতি পেল। বিশেষজ্ঞদের মতে, এই অর্জন ভবিষ্যতে আন্তর্জাতিক বিনিয়োগ, গবেষণা ও সহযোগিতার নতুন দ্বার খুলে দিতে সহায়ক হবে।

নিউজটি শেয়ার করুনঃ