শাশুড়িকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জামাই গ্রেফতার
শাশুড়িকে ধর্ষণের চেষ্টার অভিযোগে জামাই গ্রেফতার
রিয়াজুল হক সাগর,রংপুরঃ
দিনাজপুরের পার্বতীপুরে শাশুড়িকে (৫৮) ধর্ষণের চেষ্টার অভিযোগে দেবরের জামাই দুলাল সরদার (৪৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার (২৮ অক্টোবর) দিবাগত রাত ৩টার দিকে পার্বতীপুর উপজেলার হাবড়া ইউনিয়নের ভবানীপুর তেলিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
বুধবার (২৯ অক্টোবর) দুপুরে দুলাল সরদারকে আদালতের মাধ্যমে দিনাজপুর জেলা কারাগারে পাঠানো হয়েছে।
এ ঘটনায় ভিকটিম নিজে বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন (সংশোধনী-২০০৩) এর ৯ (৪) খ ধারায় ধর্ষণের চেষ্টার অভিযোগে একটি মামলা দায়ের করেছেন।
পার্বতীপুর ভবানীপুর তদন্ত কেন্দ্রের ইনচার্জ (আইসি) মো. নজরুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ বুধবার দিবাগত রাতে অভিযান চালিয়ে স্থানীয় তেলিপাড়া গ্রাম থেকে দুলাল সরদারকে গ্রেপ্তার করে।
পুলিশ ও মামলার এজাহার সূত্রে জানা যায়, ভিকটিমের স্বামী মারা যাওয়ার পর তিনি একমাত্র মেয়েকে নিয়ে স্বামীর পৈতৃক ভিটায় বসবাস করছিলেন। প্রায় এক বছর আগে মেয়ের বিয়ে হয় পাশের গ্রামে। মেয়ের বিয়ের পর তিনি একাই বাড়িতে থাকতেন।
অভিযোগে বলা হয়, মঙ্গলবার গভীর রাতে দুলাল সরদার প্রাচীর টপকে ভিকটিমের ঘরে ঢুকে অস্ত্রের মুখে জিম্মি করে বলেন, “তুই আমার বউকে এনে দে, না হলে তোকে ধর্ষণ করবো।” একপর্যায়ে ভিকটিমের চিৎকারে স্থানীয়রা ছুটে এলে পালিয়ে যায় দুলাল সরদার।
মামলার এজাহারে আরও উল্লেখ করা হয়, দুলাল সরদারের বাড়ি ভিকটিমের পাশেই। দুলালের দুই ছেলে রয়েছে। প্রায় ১০ দিন আগে পারিবারিক কলহের জেরে তার স্ত্রী বাপের বাড়ি চলে যায়।
এ বিষয়ে পার্বতীপুর ভবানীপুর তদন্ত কেন্দ্রের আইসি মো. নজরুল ইসলাম বলেন, “ভিকটিমের দায়ের করা মামলায় দেবরের জামাই দুলাল সরদারকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার আদালতের মাধ্যমে তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।”
Admin
এ সংক্রান্ত আরো খবর

