স্টেডিয়ামে দায়িত্বে যাওয়ার পথে বাস উল্টে আহত ২৭ পুলিশ সদস্য
স্টেডিয়ামে দায়িত্বে যাওয়ার পথে বাস উল্টে আহত ২৭ পুলিশ সদস্য
হোসেন মিন্টু,চট্টগ্রামঃ
চট্টগ্রামে পুলিশ সদস্যদের বহনকারী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে উল্টে যাওয়ার ঘটনায় নারী পুলিশসহ ২৭ জন আহত হয়েছেন।
গতকাল বিকেলে দামপাড়া ওয়াসা মোড়সংলগ্ন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি) হেডকোয়ার্টারের ভেতরে এ দুর্ঘটনা ঘটে। আহতদের মধ্যে ১২ জনকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে ও বাকিদের দামপাড়া পুলিশ লাইন্স হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পুলিশ জানায়, বাসটি সিএমপি হেডকোয়ার্টার থেকে পুলিশ সদস্যদের নিয়ে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের মধ্যকার ক্রিকেট ম্যাচে দায়িত্ব পালনের উদ্দেশ্যে বীরশ্রেষ্ঠ শহীদ ফ্লাইট লেফটেন্যান্ট মতিউর রহমান স্টেডিয়ামের দিকে যাচ্ছিল। পথিমধ্যে বাসটির ব্রেক ফেইল হয়ে একটি গাছে ধাক্কা লাগে এবং তা উল্টে যায়।
বিষয়টি নিশ্চিত করেছেন সিএমপি হেডকোয়ার্টারের উপ-পুলিশ কমিশনার (সদ্য অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মোহাম্মদ ফয়সাল আহমেদ। তিনি বলেন, “সিএমপি হেডকোয়ার্টার থেকে বের হওয়ার পরপরই ব্রেক ফেইলের কারণে বাসটি দুর্ঘটনায় পড়ে। এতে ২৭ পুলিশ সদস্য আহত হন। আহতদের দ্রুত হাসপাতালে পাঠানো হয়েছে।”
চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই নুরুল আলম আশিক জানান, “চমেক হাসপাতালে বর্তমানে ১২ জন আহত পুলিশ সদস্য চিকিৎসাধীন আছেন। এছাড়া আরও প্রায় ১৫ জন দামপাড়া পুলিশ লাইন্স হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।”
Admin
এ সংক্রান্ত আরো খবর

