নাটোরের বাগাতিপাড়ায় টানা তিন দিনের বৃষ্টিতে নুয়ে পড়েছে আধা পাকা ধান

“ঘরে তোলার আগমুহূর্তে কৃষক দিশেহারা”

রাজিবুল ইসলাম বাবু,নাটোরঃ

নাটোরের বাগাতিপাড়া উপজেলায় টানা তিন দিনের বৃষ্টি ও হালকা বাতাসে ক্ষেতজুড়ে নুয়ে পড়েছে রোপা আমন ধান। বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে এ বৃষ্টি অব্যাহত থাকায় ঘরে তোলার আগমুহূর্তে কৃষকরা পড়েছেন দিশেহারা অবস্থায়।

স্থানীয় কৃষকদের অভিযোগ, হঠাৎ এ বৃষ্টিতে তাদের পুরো মৌসুমের পরিশ্রমে ‘বড় ধাক্কা’ লেগেছে। ফলে ফলন কমে যাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এখন তারা সরকারের সহযোগিতা ও ক্ষতিপূরণের আশায় দিন গুনছেন।

উপজেলার জামনগর, দয়ারামপুর, পাঁকা ও গালিমপুরসহ বিভিন্ন ইউনিয়নের মাঠ ঘুরে দেখা গেছে, আধা পাকা ও পাকা ধানের শীষ মাটিতে নুয়ে পড়েছে। জমিতে পানি জমে শীষ ভিজে থাকায় ধান পচে যাওয়ার আশঙ্কা রয়েছে। এতে ফলন ও গুণগত মান দুই-ই কমে যেতে পারে বলে আশঙ্কা করছেন কৃষকেরা।

বাগাতিপাড়া উপজেলা কৃষি অফিস সূত্রে জানা গেছে, এখন পর্যন্ত উপজেলায় প্রায় ৩ হাজার ৬৩০ হেক্টর জমির রোপা আমন ধান নুয়ে পড়েছে। ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণের কাজ চলছে। চলতি মৌসুমে উপজেলায় মোট ৬ হাজার ৩৭৩ হেক্টর জমিতে রোপা আমনের আবাদ করা হয়েছে।

জামনগর ইউনিয়নের নতুন পশ্চিমপাড়া গ্রামের কৃষক আব্দুল খালেক জানান, “তিন বিঘা জমিতে আমন ধান লাগিয়েছি। ১৫ দিন পর কাটার কথা ছিল। কিন্তু টানা বৃষ্টিতে শীষ ভিজে যাচ্ছে, ফলন অর্ধেক হয়ে যেতে পারে। অনেক কষ্ট করে ফসল ফলালাম, এখন সব নষ্ট হয়ে যাচ্ছে। কৃষি অফিস থেকেও কেউ এসে কোনো পরামর্শ দেয়নি।”

এ বিষয়ে বাগাতিপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা ড. ভবসিন্ধু রায় বলেন, “ক্ষতির সঠিক পরিমাণ নিরূপণের কাজ চলছে। কৃষকদের পরামর্শ দেওয়া হচ্ছে-যেসব ধান মাটিতে নুয়ে পড়েছে সেগুলো গোছা করে বেঁধে দিতে। এতে কিছুটা হলেও ক্ষতি কমবে।”

তিনি আরও বলেন, “ঘরে ঘরে গিয়ে পরামর্শ দেওয়া সম্ভব নয়, তবে মাঠ পর্যায়ে উপ-সহকারী কৃষি কর্মকর্তারা নিয়মিত কৃষকদের পাশে আছেন। আবহাওয়া অনুকূলে এলে দ্রুত ফসল ঘরে তোলার নির্দেশও দেওয়া হয়েছে।”

নিউজটি শেয়ার করুনঃ