বিয়ের দিনক্ষণ ঠিক করতে গিয়ে গণপিটুনিতে নিহত রূপলাল দাসের মেয়ের বিয়েতে নেই কোনো আনন্দ

রিয়াজুল হক সাগর,রংপুরঃ

রংপুরের তারাগঞ্জে রোববার বিয়ের পিঁড়িতে বসেছেন গণপিটুনিতে নিহত রূপলাল দাসের মেয়ে নুপুর রবিদাস। তবে বিয়ের ঘরে নেই উৎসবের আমেজ, নেই ঢাকঢোলের শব্দ কিংবা আত্মীয়স্বজনের উচ্ছ্বাস-আনন্দের জায়গা জুড়ে এখন শুধুই বিষাদের ছায়া। কারণ, এই মেয়ের বিয়ের দিনক্ষণ ঠিক করতেই প্রাণ দিতে হয়েছিল তার বাবাকে।

গত ১০ আগস্ট মেয়ের বিয়ের দিন-তারিখ ঠিক করতে গিয়ে গণপিটুনিতে নিহত হন রূপলাল দাস (তারাগঞ্জ উপজেলার ঘনিরামপুর) ও তাঁর ভাগনি জামাই প্রদীপ দাস (বালুয়াভাটা, মিঠাপুকুর)। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই বাবাহারা নুপুরের বিয়ে হলো স্বল্প আয়োজনেই।

রূপলাল ছিলেন তারাগঞ্জ বাজারের এক সাধারণ জুতা সেলাইকারী। সেই আয়ে তিনি সংসার চালাতেন, সন্তানদের পড়াশোনার খরচ জোগাতেন। বড় মেয়ে নুপুর ডিগ্রি পর্যায়ে পড়ছেন, ছোট মেয়ে রুপা ষষ্ঠ শ্রেণিতে এবং একমাত্র ছেলে জয় নবম শ্রেণিতে অধ্যয়নরত।

রূপলালের স্ত্রী ভারতী দাস বলেন, “মেয়েকে তো বিয়ে দিতেই হবে। ধারদেনা করে বিয়ে দিচ্ছি। অনেকেই সাহায্যের প্রতিশ্রুতি দিয়েছিল, কিন্তু এখন আর খোঁজ নেয় না।”

নুপুরের চোখে আজও বাবার স্মৃতি ভাসে। তিনি বলেন, “বাবা চেয়েছিলেন আমরা সবাই শিক্ষিত হই। আজ আমার বিয়ে হলেও মনে হচ্ছে সবকিছু অপূর্ণ। বাবা থাকলে এভাবে কাঁদতে হতো না।”

ছোট ভাই জয় রবিদাস বলেন, “বাবা থাকলে তিনিই সব করতেন। এখন আমারই করতে হচ্ছে সব।”

স্থানীয় রাজনৈতিক ও প্রশাসনিক সহায়তাও পেয়েছে পরিবারটি। উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক মেহেদী হাসান শিপু জানান, দলের পক্ষ থেকে নুপুরের বিয়ের জন্য ৭০ হাজার টাকা দেওয়া হয়েছে এবং ভবিষ্যতেও পরিবারের পাশে থাকবে দল। উপজেলা নির্বাহী কর্মকর্তা রুবেল রানা বলেন, উপজেলা তহবিল থেকে এক লাখ টাকা ও সমাজসেবা কার্যালয় থেকে ১০ হাজার টাকা সহায়তা দেওয়া হয়েছে। এছাড়া নুপুরের পড়াশোনার জন্য শিক্ষাভাতা, ভারতী দাসের জন্য বিধবাভাতা এবং ছেলে জয়ের জন্য দোকানঘরের বরাদ্দের ব্যবস্থা করা হয়েছে।

উল্লেখ্য, ৯ আগস্ট রাতে প্রদীপ দাসকে নিয়ে রূপলাল বাড়ি ফেরার পথে স্থানীয় কয়েকজন তাদের চোর সন্দেহে লাঠিসোঁটা ও লোহার রড দিয়ে পিটিয়ে আহত করে। পরে তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে রূপলালকে মৃত ঘোষণা করা হয় এবং পরদিন প্রদীপও মারা যান।

আজ বাবাহীন নুপুরের বিয়েতে নেই সাজসজ্জার রঙ, নেই উৎসবের আমেজ-শুধু আছে এক অজানা শূন্যতা ও হারানোর বেদনা।

নিউজটি শেয়ার করুনঃ