বাংলাদেশে নতুন পোশাকে পুলিশের পথচলা শুরু

হোসেন মিন্টুঃ

বাংলাদেশ পুলিশ বাহিনীর নতুন পোশাক চালু হয়েছে গতকাল থেকে। তবে প্রাথমিকভাবে এই পোশাক সীমিত পরিসরে সরবরাহ করা হচ্ছে।

পুলিশ বাহিনীর সংস্কার ও পোশাক পরিবর্তনের দাবি ওঠার পর অন্তর্বর্তী সরকার নতুন এই পোশাকের অনুমোদন দেয়। প্রথম পর্যায়ে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি) সদস্যদের নতুন পোশাক প্রদান করা হচ্ছে। এতে দীর্ঘদিনের পরিচিত নীল ও সবুজ রঙের পরিবর্তে রেঞ্জ এবং মহানগর পর্যায়ের সদস্যরা পরিধান করবেন নতুন ডিজাইনের পোশাক।

ডিএমপির মিডিয়া ও পাবলিক রিলেশন বিভাগের উপকমিশনার তালেবুর রহমান বলেন, “আজ থেকে পুলিশের নতুন পোশাক চালু হচ্ছে। তবে এটি ধাপে ধাপে সব সদস্যকে দেওয়া হবে।”

অন্যদিকে মোহাম্মদপুর থানার ওসি কাজী রফিক আহমেদ জানান, “এখনো পোশাক হাতে পাইনি, তবে খুব শিগগিরই পাওয়া যাবে।”

পোশাক পরিবর্তন প্রসঙ্গে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী বলেন, “পোশাক পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং এটি র‍্যাব ও আনসার সদস্যদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে। তিন ধরনের ভিন্ন পোশাক ডিজাইন নির্বাচন করা হয়েছে। ধীরে ধীরে বাস্তবায়ন করা হবে, সবকিছু একসঙ্গে সম্ভব নয়।”

তিনি আরও বলেন, “পোশাক পরিবর্তনের পাশাপাশি মানসিকতার পরিবর্তনও জরুরি।”

নিউজটি শেয়ার করুনঃ