চট্টগ্রাম-২ আসনে তিন প্রার্থীর মনোনয়ন বাতিল নথি ঘাটতিতে সময় পেলেন আরও তিনজন

হোসেন মিন্টুঃ

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে জমা পড়া মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে তিনজন প্রার্থীর মনোনয়ন বাতিল করেছেন রিটার্নিং কর্মকর্তা। একই সঙ্গে নথিপত্রের ঘাটতির কারণে আরও তিনজন প্রার্থীকে নির্ধারিত সময়ের মধ্যে প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার সুযোগ দেওয়া হয়েছে।
শুক্রবার (তারিখ) বেলা ১১টা থেকে দুপুর ১২টা পর্যন্ত চট্টগ্রাম জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ফটিকছড়ি আসনের মনোনয়নপত্র যাচাই করেন। যাচাই শেষে বিএনপির সরোয়ার আলমগীর, জামায়াতে ইসলামীর মোহাম্মদ নুরুল আমিন এবং জনতার দলের মোহাম্মদ গোলাম নওশের আলীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়।

অন্যদিকে স্বতন্ত্র প্রার্থী জিন্নাত আকতার, আহমদ কবির এবং বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী এইচ এম আশরাফ বিন ইয়াকুবের মনোনয়নপত্র বাতিল করা হয়। রিটার্নিং কর্মকর্তা জানান, স্বতন্ত্র প্রার্থী হিসেবে মনোনয়ন বৈধ রাখতে ভোটারের এক শতাংশ সমর্থনের তালিকা জমা দেওয়ার বিধান রয়েছে। তবে জিন্নাত আকতারের জমা দেওয়া ভোটার তালিকা যাচাইয়ে অসত্য তথ্য পাওয়া গেছে। দৈবচয়নের ভিত্তিতে যাচাই করা ১০ জন ভোটারের মধ্যে ৮ জনের তথ্য সঠিক নয় এবং একজন ভোটার ২০২৪ সালেই মারা গেছেন। যথাযথ নথিপত্র দাখিল না করায় স্বতন্ত্র প্রার্থী আহমদ কবিরের মনোনয়ন বাতিল করা হয়।এছাড়া অসম্পূর্ণ ফরম ও দলীয় মনোনয়ন না থাকায় বাংলাদেশ খেলাফত মজলিশের প্রার্থী এইচ এম আশরাফ বিন ইয়াকুবের মনোনয়নপত্র বাতিল হয়েছে।

এদিকে বাংলাদেশ সুপ্রিম পার্টির শাহজাদা সৈয়দ সাইফুদ্দিন আহমদ ও মো. ওসমান আলী এবং গণ অধিকার পরিষদের রবিউল হাসানের মনোনয়নপত্রে প্রয়োজনীয় কাগজপত্রের ঘাটতি থাকায় তাঁদের আজ শুক্রবার বিকেল ৪টা পর্যন্ত সময় দেওয়া হয়েছে। নির্ধারিত সময়ের মধ্যে নথি জমা দিতে ব্যর্থ হলে তাঁদের মনোনয়নও বাতিল হবে বলে জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা। চট্টগ্রামের ১৬টি সংসদীয় আসনের মধ্যে ১৫টির রিটার্নিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন বিভাগীয় কমিশনার মো. জিয়াউদ্দীন ও জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা। অপর একটি আসনে দায়িত্বে রয়েছেন আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মোহাম্মদ বেলায়েত হোসেন চৌধুরী।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, চট্টগ্রামে মনোনয়নপত্র সংগ্রহ করেছিলেন ২৩১ জন সম্ভাব্য প্রার্থী। এর মধ্যে শেষ পর্যন্ত মনোনয়ন জমা দিয়েছেন ১৪৩ জন। সবচেয়ে বেশি ১২টি করে মনোনয়ন জমা পড়েছে চট্টগ্রাম-৯ ও চট্টগ্রাম-১১ আসনে। আর সবচেয়ে কম তিনটি মনোনয়ন জমা পড়েছে চট্টগ্রাম-১৫ আসনে। নির্বাচন কমিশনের তফসিল অনুযায়ী, আগামী ১২ ফেব্রুয়ারি জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২০ জানুয়ারি এবং প্রতীক বরাদ্দ দেওয়া হবে ২১ জানুয়ারি। ২২ জানুয়ারি থেকে আনুষ্ঠানিক প্রচারণা শুরু হয়ে চলবে ১০ ফেব্রুয়ারি সকাল সাড়ে সাতটা পর্যন্ত।

নিউজটি শেয়ার করুনঃ