সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে অনলাইন পদ্ধতি চালু করল ইসি
সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড পেতে অনলাইন পদ্ধতি চালু করল ইসি
হোসেন মিন্টুঃ
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সামনে রেখে সাংবাদিক ও পর্যবেক্ষকদের কার্ড প্রদানের প্রক্রিয়ায় পরিবর্তন এনেছে নির্বাচন কমিশন (ইসি)। এবার থেকে কার্ড ও যানবাহনের স্টিকার পেতে অনলাইনে আবেদন করতে হবে।
বৃহস্পতিবার নির্বাচন কমিশনের জনসংযোগ পরিচালক মো. রুহুল আমিন মল্লিক এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, এতদিন সাংবাদিক ও পর্যবেক্ষকদের নির্বাচন কমিশন বা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে সরাসরি আবেদন করতে হতো। আবেদন অনুমোদনের পর সেখান থেকেই কার্ড ও স্টিকার সংগ্রহ করতে হতো। এতে সময়ের অপচয় ও অতিরিক্ত ব্যয় হওয়ায় এ পদ্ধতি পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
নতুন ব্যবস্থায় অনলাইনে আবেদন গ্রহণের জন্য একটি ওয়েবসাইট চালু করা হয়েছে। নির্ধারিত তথ্য ও প্রয়োজনীয় কাগজপত্র সংযুক্ত করে আবেদন করতে হবে। আবেদন অনুমোদিত হলে দেশীয় গণমাধ্যমকর্মীরা নিজ নিজ সাংবাদিক কার্ড এবং দেশীয় পর্যবেক্ষকরা কার্ড ও গাড়ির স্টিকার অনলাইন থেকেই ডাউনলোড করতে পারবেন। আবেদন করতে হবে নির্বাচন কমিশনের জনসংযোগ শাখার ওয়েবসাইট pr.ecs.gov.bd-এ।
আবেদনের সঙ্গে অফিসের প্যাডে করা আবেদনপত্রের কপি, পরিচয়পত্র, জাতীয় পরিচয়পত্রসহ প্রয়োজনীয় দলিল সংযুক্ত করতে হবে। ফ্রিল্যান্স সাংবাদিকদের ক্ষেত্রে পিআইডি কার্ড থাকা বাধ্যতামূলক করা হয়েছে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

