ইপিজেডে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ: নারীসহ চারজন গ্রেপ্তার
ইপিজেডে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ: নারীসহ চারজন গ্রেপ্তার
বাবুল হোসেন বাবলা, চট্টগ্রাম।
চট্টগ্রাম মহানগরীর ইপিজেড থানাধীন ব্যারিস্টার কলেজ রোড এলাকায় এক তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগে নারীসহ চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ এপ্রিল) সকালে নগরীর বিভিন্ন ভাড়া বাসায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন ইপিজেড থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আতিকুর রহমান।
গ্রেপ্তারকৃতরা হলেন-আপ্রুমং মারমা (২৬), থুয়াইচিং মারমা (২৯), ওথাইইনু মারমা (৩০) এবং ওকরাইজা মারমা।
পুলিশ ও এজাহার সূত্রে জানা যায়, ভুক্তভোগী ২২ বছর বয়সী এক চাকমা তরুণী চট্টগ্রাম ইপিজেডের একটি পোশাক কারখানায় কর্মরত। তিনি ব্যারিস্টার কলেজ রোড এলাকার একটি ভাড়া বাসায় অন্যান্য নারী শ্রমিকদের সঙ্গে বসবাস করতেন। তার পরিচিত এক ব্যক্তি গত ১০ এপ্রিল চিকিৎসার উদ্দেশ্যে ফেনী থেকে চট্টগ্রামে এসে ওই বাসায় অবস্থান নেন। পরবর্তীতে বিষয়টি নিয়ে বাসার অন্যদের মধ্যে আলোচনা হলে অভিযুক্তরা জিজ্ঞাসাবাদের কথা বলে গত ১৯ এপ্রিল রাতে তরুণীকে ব্যারিস্টার কলেজ রোডের অন্য একটি বাসায় নিয়ে যায়। সেখানে তার বিরুদ্ধে অনৈতিক সম্পর্কের অভিযোগ তুলে ভয়ভীতি প্রদর্শন করা হয়। অভিযোগ অনুযায়ী, ওই অবস্থায় অভিযুক্ত চারজন তরুণীকে জোরপূর্বক ধর্ষণ করে এবং পরে আত্মগোপনে চলে যায়।
ঘটনার পর ভুক্তভোগী ইপিজেড থানায় লিখিত অভিযোগ দায়ের করলে পুলিশ তাৎক্ষণিক অভিযান চালিয়ে অভিযুক্তদের গ্রেপ্তার করে।
ইপিজেড থানার ওসি আতিকুর রহমান জানান, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে এবং তাদের আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।
Admin
এ সংক্রান্ত আরো খবর

