কাপড় ব্যবসার আড়ালে গাঁজার রমরমা বাণিজ্য ইপিজেডে নারী মাদক কারবারি আটক

হোসেন মিন্টুঃ

চট্টগ্রাম নগরীর ইপিজেড থানাধীন নেভী হাসপাতাল গেইট এলাকায় কাপড় ব্যবসার আড়ালে দীর্ঘদিন ধরে গাঁজা বিক্রির অভিযোগে এক নারী মাদক কারবারিকে আটক করেছে পুলিশ। অভিযানে তার বাসা থেকে উদ্ধার করা হয়েছে প্রায় ৭ কেজি গাঁজা।

জানা যায়, নগরীর বাংলাদেশ পুলিশ এর অংশ চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ এর আওতাধীন ইপিজেড থানার অফিসার ইনচার্জ মুহাম্মদ আতিকুর রহমান, বিপিএম-এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স গত ১৬ মে গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে। রাত আনুমানিক ১টার দিকে ৩৯ নম্বর ওয়ার্ডের নেভী হাসপাতাল গেইট এলাকা থেকে শিরিন প্রকাশ শিরিনা (৩৮) নামে এক নারীকে আটক করা হয়।

পুলিশ জানায়, অভিযানের সময় ধৃত আসামির দেখানো মতে তার শয়নকক্ষের খাটের নিচে বিশেষ কৌশলে লুকিয়ে রাখা অবস্থায় ৭ কেজি গাঁজা উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মাদক জব্দ করে থানায় নিয়ে যাওয়া হয়েছে।

প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, আটক শিরিনা এলাকায় কাপড় ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিল। তার বাসায় বিপুল পরিমাণ কাপড়ের সমাহারও পাওয়া যায়। তবে কাপড় বিক্রির আড়ালে দীর্ঘদিন ধরে স্থানীয় খরিদারদের কাছে গোপনে মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে পুলিশের কাছে তথ্য রয়েছে।

ইপিজেড থানা সূত্রে আরও জানা যায়, এ ঘটনায় সংশ্লিষ্ট আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। গ্রেফতারকৃত আসামিকে বিধি মোতাবেক বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে স্থানীয় সচেতন মহল বলছে, সমাজকে মাদকমুক্ত রাখতে পুলিশের চলমান অভিযানের পাশাপাশি জনসচেতনতা বৃদ্ধি ও সামাজিক প্রতিরোধ গড়ে তোলা এখন সময়ের দাবি।

নিউজটি শেয়ার করুনঃ