কাভার্ডভ্যান থেকে ৪২ লাখ টাকার প্লাস্টিক দানা আত্মসাৎ গ্রেপ্তার ৩

হোসেন মিন্টুঃ

চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) পতেঙ্গা মডেল থানার ধারাবাহিক অভিযানে কাভার্ডভ্যান ভর্তি বিপুল পরিমাণ প্লাস্টিক দানা আত্মসাতের ঘটনায় মূলহোতাসহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।এসময় আত্মসাৎকৃত ২৬০ ব্যাগ প্লাস্টিক দানা ও পরিবহনে ব্যবহৃত কাভার্ডভ্যান উদ্ধার করা হয়।উদ্ধারকৃত মালামালের আনুমানিক মূল্য প্রায় ২২ লাখ টাকা বলে জানিয়েছে পুলিশ।

মামলার এজাহার সূত্রে জানা যায়, বাদী মোঃ ওবাইদুল হক খসরু (৩৩) চট্টগ্রাম নামীয় একটি ট্রান্সপোর্ট প্রতিষ্ঠানের ম্যানেজার হিসেবে কর্মরত। প্যারাগন প্লাস্টিক লিমিটেডের আমদানিকৃত প্লাস্টিক দানা নির্ধারিত ফ্যাক্টরিতে পৌঁছে দিতে মোকাম লিমিটেড নামীয় ট্রান্সপোর্টের মাধ্যমে ঢাকা মেট্রো-ট-১৩-০৮০২ নম্বরের একটি কাভার্ডভ্যান ভাড়া করা হয়। উক্ত গাড়িতে মোট ৫২০ ব্যাগ প্লাস্টিক দানা লোড করা হয়, যার বাজারমূল্য প্রায় ৪২ লাখ ৬৪ হাজার টাকা। চালক মোঃ রাশেদের কাছে মালামালের চালান বুঝিয়ে দেওয়া হলেও নির্ধারিত গন্তব্যে মালামাল পৌঁছে না দিয়ে তিনি সহযোগীদের সহায়তায় পরস্পর যোগসাজশে পুরো মালামাল আত্মসাৎ করেন বলে অভিযোগে উল্লেখ করা হয়। ঘটনাটি সংঘটিত হয় গত ৪ মে রাত ৮টা থেকে ৮ মে দুপুর ২টার মধ্যবর্তী সময়ে।

এ ঘটনায় বাদীর অভিযোগের ভিত্তিতে পতেঙ্গা মডেল থানায় পেনাল কোডের ৪০৭/৩৪ ধারায় মামলা রুজু করা হয়। মামলা দায়েরের পরপরই পতেঙ্গা মডেল থানার অফিসার ইনচার্জ মোস্তফা আহম্মেদের নেতৃত্বে তদন্তকারী কর্মকর্তা এসআই হারেছ মোঃ কুসুম, এসআই সৈয়দ ফকরুল ইসলাম, এসআই সজীব কুমার আচার্য্যসহ একাধিক আভিযানিক টিম নগরীর বিভিন্ন এলাকায় অভিযান শুরু করে। পরবর্তীতে গোপন সংবাদের ভিত্তিতে গত ১১ মে নারায়ণগঞ্জ জেলার বন্দর থানা এলাকায় অভিযান চালিয়ে ঘটনায় জড়িত ইমাম আলী ওরফে ইমন (২১) নামে এক আসামিকে গ্রেফতার করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে ১৩ মে চট্টগ্রামের মিরসরাই এলাকায় অভিযান চালিয়ে কাভার্ডভ্যান চালক মোঃ রাশেদ (২৯)-কে আটক করা হয়। পরে রাশেদের দেওয়া তথ্য অনুযায়ী গাজীপুর জেলার টঙ্গী পশ্চিম থানা এলাকায় অভিযান পরিচালনা করে মোঃ আশরাফ আলী সিকদার (৫০)-কে গ্রেফতার করে পুলিশ।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যের ভিত্তিতে টঙ্গী পশ্চিম থানাধীন একটি গোডাউন থেকে আত্মসাৎকৃত ২৬০ ব্যাগ প্লাস্টিক দানা এবং ঘটনার কাজে ব্যবহৃত কাভার্ডভ্যানটি উদ্ধার করা হয়। পুলিশ জানিয়েছে, এ ঘটনার সঙ্গে জড়িত অন্যান্য আসামিদের গ্রেফতার এবং অবশিষ্ট মালামাল উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ