সন্ত্রাস দমনে একযোগে কাজ করছে সব বাহিনী—স্বরাষ্ট্রমন্ত্রী
সন্ত্রাস দমনে একযোগে কাজ করছে সব বাহিনী—স্বরাষ্ট্রমন্ত্রী
হোসেন মিন্টুঃ
স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, দেশে কার্যকরভাবে আইনের শাসন প্রতিষ্ঠা এবং জনগণের প্রত্যাশা অনুযায়ী জননিরাপত্তা নিশ্চিত করতে সরকার দৃঢ় প্রতিজ্ঞ।
তিনি হুঁশিয়ার করে বলেন, সন্ত্রাসীদের অভয়ারণ্য যেখানেই থাকুক না কেন, তা সম্পূর্ণভাবে নির্মূল করা হবে। রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ডে জড়িত এবং রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার দুঃসাহস দেখানো সন্ত্রাসীদের কঠোরভাবে দমন করা হবে।
রোববার দুপুরে চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত উচ্চপর্যায়ের বিশেষ আইনশৃঙ্খলা সভা শেষে সাংবাদিকদের ব্রিফিংকালে তিনি এসব কথা বলেন।
মন্ত্রী জানান, সলিমপুর, জঙ্গল সলিমপুর ও আলীনগরসহ পার্শ্ববর্তী এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি সম্পূর্ণ নিয়ন্ত্রণে এনে স্থায়ী শান্তি প্রতিষ্ঠাই সরকারের মূল লক্ষ্য। এ লক্ষ্যে সংশ্লিষ্ট অঞ্চলের সড়ক যোগাযোগ ব্যবস্থা উন্নয়নে কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে।
তিনি আরও বলেন, জঙ্গল সলিমপুর এলাকায় পরিকল্পিত সরকারি স্থাপনা ও একাডেমি নির্মাণের লক্ষ্যে সংশ্লিষ্ট বিভাগের প্রধানদের সঙ্গে ম্যাপ পর্যালোচনা করে বিস্তারিত আলোচনা হয়েছে। প্রাথমিকভাবে চট্টগ্রামের বর্তমান কেন্দ্রীয় কারাগার বায়েজিদ লিঙ্ক রোড সংলগ্ন এলাকায় স্থানান্তরের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। শিগগিরই সংশ্লিষ্ট কর্মকর্তারা নির্ধারিত স্থান পরিদর্শন করবেন। কারা অধিদপ্তর প্রথমে নির্ধারিত ভূমি নিজেদের নিয়ন্ত্রণে নিয়ে পরবর্তী উন্নয়ন কার্যক্রম শুরু করবে।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সক্ষমতা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, জঙ্গল সলিমপুরে প্রচলিত পুলিশিংয়ের পাশাপাশি র্যাব, বিজিবি ও সেনাবাহিনীসহ সকল বাহিনী সমন্বিতভাবে কাজ করছে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে হেলিকপ্টার সহায়তাও ব্যবহার করা হচ্ছে।
তিনি জানান, রাউজান, রাঙ্গুনিয়া, ফটিকছড়ি ও বোয়ালখালীসহ বিভিন্ন এলাকার সন্ত্রাসীদের তালিকা প্রস্তুত করে তাদের আস্তানা চিহ্নিত করে সমন্বিত অভিযানের মাধ্যমে নির্মূল করা হবে।
মন্ত্রী আরও বলেন, রাষ্ট্রীয় বাহিনীর ওপর হামলাকারী এবং আইনশৃঙ্খলা ভঙ্গকারীদের কোনো ধরনের ছাড় দেওয়া হবে না। তাদের সর্বশেষ আস্তানাও গুঁড়িয়ে দেওয়া হবে।
এ সময় তিনি আইনশৃঙ্খলা পরিস্থিতির টেকসই উন্নয়ন ও জননিরাপত্তা নিশ্চিত করতে গণমাধ্যমকর্মীদের বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের মাধ্যমে প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
সভায় ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী মীর মোহাম্মদ হেলাল উদ্দীন, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন, সংসদ সদস্যবৃন্দ, স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মনজুর মোর্শেদ চৌধুরী, পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির, বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল মোহাম্মদ আশরাফুজ্জামান সিদ্দিকীসহ সংশ্লিষ্ট বিভিন্ন দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
Admin
এ সংক্রান্ত আরো খবর

