জলাবদ্ধতায় বিপর্যস্ত নগরীর ছয় থানা এলাকায় সিএমপি কমিশনারের পক্ষ থেকে ত্রাণ সহায়তা উপকৃত ৯০০ পরিবার

হোসেন মিন্টুঃ

টানা ভারী বর্ষণ, জলাবদ্ধতা ও বন্যা পরিস্থিতিতে বিপর্যস্ত চট্টগ্রাম মহানগরীর অসহায় ও পানিবন্দি মানুষের পাশে দাঁড়িয়েছে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ (সিএমপি)। মানবিক দায়িত্ববোধ ও সামাজিক দায়বদ্ধতার অংশ হিসেবে সিএমপি পুলিশ কমিশনার হাসান মো. শওকত আলীর পক্ষ থেকে মহানগরীর বিভিন্ন জলাবদ্ধ ও দুর্যোগকবলিত এলাকায় ধারাবাহিকভাবে ত্রাণসামগ্রী বিতরণ কার্যক্রম পরিচালিত হচ্ছে।

সিএমপি পুলিশ সদর দপ্তরের প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা গেছে, ভারী বর্ষণ ও জলাবদ্ধতার কারণে আশ্রয়কেন্দ্রে অবস্থানরত এবং নিজ নিজ এলাকায় পানিবন্দি হয়ে মানবেতর জীবনযাপন করা অসহায় মানুষের মাঝে ইতোমধ্যে ৭০০টি পরিবারের কাছে প্রয়োজনীয় ত্রাণসামগ্রী পৌঁছে দেওয়া হয়েছে। এর ধারাবাহিকতায় গত ১৪ জুলাই আরও ২০০টি পরিবারের মাঝে খাদ্য ও নিত্যপ্রয়োজনীয় সামগ্রী বিতরণ করা হয়। ফলে এ পর্যন্ত মোট ৯০০টি পরিবার সিএমপির এই মানবিক সহায়তার আওতায় এসেছে।

ত্রাণ বিতরণ কার্যক্রমে মহানগর পুলিশের বিভিন্ন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তারা (ওসি) সরাসরি অংশগ্রহণ করেন। খুলশী থানা এলাকায় ওসি মোজাম্মেল হক ২০টি পরিবারের মাঝে, বায়েজিদ বোস্তামী থানায় ওসি মো. আব্দুল করিম ২০টি পরিবারের মাঝে এবং পাঁচলাইশ থানায় ওসি মো. জাহেদুল ইসলাম ২০টি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করেন।

অন্যদিকে হালিশহর থানা এলাকায় ওসি কাজী মুহাম্মদ সুলতান আহসান উদ্দীন ৪০টি পরিবারের হাতে ত্রাণসামগ্রী তুলে দেন।একইভাবে আকবর শাহ থানা এলাকায় ওসি মো. কামরুজ্জামান ৪০টি পরিবারের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করেন।

এদিকে মঙ্গলবার বিকেলে ইপিজেড থানাধীন আউটার রিং রোড সংলগ্ন বালুর মাঠ এলাকায় ওসি মুহাম্মদ আতিকুর রহমান (বিপিএম)-এর নেতৃত্বে আরও ৬০টি পানিবন্দি পরিবারের মাঝে ত্রাণসামগ্রী বিতরণ করা হয়। এ সময় স্থানীয় অসহায় মানুষ পুলিশের এই মানবিক উদ্যোগকে আন্তরিকভাবে স্বাগত জানান এবং দুর্যোগের কঠিন সময়ে পাশে থাকার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

সংশ্লিষ্টরা জানান, দুর্যোগকালীন সময়ে আইন-শৃঙ্খলা রক্ষার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রম পরিচালনার মাধ্যমে চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ জনগণের আস্থা ও বিশ্বাস আরও সুদৃঢ় করতে কাজ করছে। পুলিশ কমিশনারের নির্দেশনায় পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত ক্ষতিগ্রস্ত ও পানিবন্দি মানুষের পাশে থেকে প্রয়োজনীয় সহায়তা অব্যাহত থাকবে বলেও জানানো হয়েছে।

দুর্যোগ মোকাবিলায় জননিরাপত্তা নিশ্চিত করার পাশাপাশি মানবিক সহায়তা কার্যক্রমের এ উদ্যোগ চট্টগ্রাম মহানগরীতে সিএমপির জনকল্যাণমুখী ভূমিকার একটি উজ্জ্বল দৃষ্টান্ত হিসেবে বিবেচিত হচ্ছে। স্থানীয়দের প্রত্যাশা, সরকারি অন্যান্য সংস্থার পাশাপাশি এ ধরনের মানবিক কার্যক্রম অব্যাহত থাকলে দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকাংশে লাঘব হবে।

নিউজটি শেয়ার করুনঃ