মহাসড়কে মাদকবিরোধী অভিযানে বড় সাফল্য

“জোরারগঞ্জে ৩০ কেজি গাঁজাসহ প্রাইভেটকার জব্দ, চালক-সহযোগীর কৌশলী পলায়ন; পাচারচক্রের নেপথ্য নেটওয়ার্ক খুঁজছে আইনশৃঙ্খলা বাহিনী।”

হোসেন মিন্টুঃ

চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে পরিচালিত মাদকবিরোধী বিশেষ অভিযানে প্রায় ৩০ কেজি গাঁজাসহ একটি প্রাইভেটকার জব্দ করা হয়েছে। তবে অভিযান চলাকালে আইনশৃঙ্খলা বাহিনীর উপস্থিতি টের পেয়ে চালক ও তার এক সহযোগী কৌশলে পালিয়ে যায়। এ ঘটনায় সংঘবদ্ধ মাদক পাচারচক্রের সম্পৃক্ততার আশঙ্কা করছেন তদন্ত সংশ্লিষ্টরা।ো

সোমবার (২৮ জুলাই ২০২৬) জোরারগঞ্জ থানাধীন ৯ নম্বর ওয়ার্ডের দক্ষিণ সোনাপাহাড় এলাকায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক সংলগ্ন ওমেরা গ্যাস ফিল্ডের সামনে থেকে দক্ষিণে আনুমানিক ৩০ থেকে ৪০ গজ দূরে সন্দেহজনকভাবে অবস্থানরত একটি প্রাইভেটকার (রেজিস্ট্রেশন নম্বর: চট্ট মেট্রো-গ-১১-১৬১৫) আটক করা হয়।

অভিযানকারী দল গাড়িটি ঘিরে ফেললে চালক তার এক সহযোগীকে নিয়ে দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে। পরে গাড়িটি তল্লাশি করে দুইটি সাদা বস্তার ভেতর ১৫টি পৃথক পোটলা উদ্ধার করা হয়।প্রতিটি পোটলায় আনুমানিক ২ কেজি করে মোট ৩০ কেজি গাঁজা পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে আইনগত প্রক্রিয়া শুরু করা হয়েছে।

প্রাথমিক তদন্তে ধারণা করা হচ্ছে, কৌশলগতভাবে ব্যবহৃত প্রাইভেটকারটির মাধ্যমে বিপুল পরিমাণ গাঁজা দেশের বিভিন্ন এলাকায় পৌঁছে দেওয়ার পরিকল্পনা ছিল। দীর্ঘদিন ধরে সক্রিয় একটি সংঘবদ্ধ মাদক সিন্ডিকেট এ চালানের সঙ্গে জড়িত থাকতে পারে বলে তদন্তকারীরা সন্দেহ করছেন। চালানটির উৎস, সম্ভাব্য গন্তব্য, অর্থের লেনদেন এবং এর সঙ্গে জড়িত ব্যক্তিদের শনাক্তে তদন্ত জোরদার করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্র জানায়, জব্দকৃত প্রাইভেটকারটি পরীক্ষা-নিরীক্ষার পাশাপাশি প্রযুক্তিগত তথ্য বিশ্লেষণের মাধ্যমে পলাতকদের পরিচয় নিশ্চিত করার চেষ্টা চলছে। একই সঙ্গে সম্ভাব্য সহযোগী ও মাদক নেটওয়ার্কের অন্যান্য সদস্যদের শনাক্ত করে আইনের আওতায় আনতে অভিযান অব্যাহত রয়েছে।

আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা বলছেন, মাদক পাচার রোধে মহাসড়ককেন্দ্রিক নজরদারি আরও জোরদার করা হয়েছে। এ ধরনের অভিযান ধারাবাহিকভাবে চলবে এবং মাদক কারবারের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। তদন্তের অগ্রগতির ভিত্তিতে পলাতকদের পরিচয়, মাদক চালানের উৎস, গন্তব্য এবং পুরো পাচারচক্র সম্পর্কে বিস্তারিত তথ্য পরবর্তীতে আনুষ্ঠানিকভাবে জানানো হবে।

নিউজটি শেয়ার করুনঃ