সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা নোয়াখালীতে ৭ জন গ্রেফতার
সিআইডি পরিচয়ে নারী অপহরণের চেষ্টা নোয়াখালীতে ৭ জন গ্রেফতার
“জ্যাকেট-ওয়াকিটকি জব্দ, উদ্ধার এক্স-নোহা গাড়ি”
হোসেন মিন্টুঃ
সিআইডি পুলিশের পরিচয় ব্যবহার করে একটি বাসায় জোরপূর্বক প্রবেশ করে এক নারীকে অপহরণের চেষ্টার অভিযোগে নোয়াখালীর সুধারাম থানা পুলিশের অভিযানে সাতজনকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে সিআইডি বাংলাদেশ পুলিশের জ্যাকেটের আদলে তৈরি চারটি জ্যাকেট, তিনটি ওয়াকিটকি সেট এবং অপহরণকাজে ব্যবহৃত একটি এক্স-নোহা গাড়ি উদ্ধার করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (১২ আগস্ট) রাত আনুমানিক ১১টা ৪০ মিনিটে নোয়াখালী পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের বসুন্ধরা কলোনীর ব্রাইট হাউজের তৃতীয় তলায় আতাউর রহমান (৬২) নামের এক ব্যক্তির বাসায় কয়েকজন ব্যক্তি নিজেদের সিআইডি পুলিশের সদস্য পরিচয় দিয়ে তার মেয়েকে জোরপূর্বক তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করছে- এমন অভিযোগে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে থানায় সংবাদ আসে।
খবর পেয়ে সুধারাম থানা পুলিশের ডিউটি অফিসার বিষয়টি তাৎক্ষণিকভাবে অফিসার ইনচার্জকে অবহিত করেন। পরে ওসি’র নির্দেশে রাত্রিকালীন মোবাইল ডিউটিতে থাকা পুলিশ সদস্যরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযান পরিচালনা করেন।
পুলিশ ঘটনাস্থলে গিয়ে মো. জাহাঙ্গীর আলম (অবসরপ্রাপ্ত নৌ সদস্য), আবুল কাশেম সোহেল (অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট) ও মো. শাহাদাত হক খান চৌধুরী (অবসরপ্রাপ্ত সেনা ল্যান্স কর্পোরেল)-কে সিআইডি পুলিশের আদলে তৈরি জ্যাকেট পরিহিত এবং হাতে ওয়াকিটকি থাকা অবস্থায় দেখতে পায়। এ সময় ঘটনাস্থলে শুভ চৌধুরী ওরফে শহিদুল ইসলাম, রুবেল হোসেন ও মো. নাদিরও উপস্থিত ছিলেন।
পুলিশ তাদের আটক করে তল্লাশি চালিয়ে তিনটি সিআইডি বাংলাদেশ পুলিশের জ্যাকেটের আদলে তৈরি জ্যাকেট ও তিনটি ওয়াকিটকি সেট উদ্ধার করে। পরে আটক ব্যক্তিদের দেওয়া তথ্যের ভিত্তিতে বাসার নিচে থাকা ঢাকা মেট্রো-চ-১৪-৮২৪৫ নম্বরের একটি এক্স-নোহা গাড়িতে অভিযান চালানো হয়। সেখান থেকে মো. শরীফ মিয়াকে আটক করা হয়। একই সঙ্গে গাড়ির ভেতর থেকে বাংলাদেশ পুলিশের ব্যবহৃত জ্যাকেটের আদলে তৈরি আরও একটি গাঢ় খাকি রঙের জ্যাকেট উদ্ধার করে পুলিশ।
পুলিশের প্রাথমিক তদন্তে জানা গেছে, অভিযোগকারী আতাউর রহমানের মেয়ে তাসনীমুল জান্নাত ওরফে মালিহার সঙ্গে গ্রেফতারকৃত শুভ চৌধুরী ওরফে শহিদুল ইসলামের ইসলামী শরিয়াহ মোতাবেক বিয়ে হয়েছিল। পরবর্তীতে তাদের দাম্পত্য জীবনে বিরোধ সৃষ্টি হয় এবং গত ২১ জানুয়ারি ২০২৬ তাদের বিবাহবিচ্ছেদ ঘটে। এর আগে সিলেটের নেক্সট কনসালটিং এজেন্সি লিমিটেডের পক্ষ থেকে শুভ চৌধুরী ও তার স্ত্রী মালিহার বিরুদ্ধে সিলেটের বিজ্ঞ আদালতে সিআর মামলা নং-২৪/২৬, শাহপরান থানায়, দণ্ডবিধির ৪০৬/৪২০/৫০৬(২)/৩৪ ধারায় মামলা দায়ের করা হয় বলে পুলিশ জানিয়েছে। ওই মামলায় তাসনীমুল জান্নাত ওরফে মালিহা কারাভোগ করেন এবং শুভ চৌধুরীর বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি হয়।
পুলিশের ভাষ্য অনুযায়ী, এসব ঘটনা ও পারিবারিক বিরোধের জের ধরেই বুধবার রাতে অভিযুক্তরা পরিকল্পিতভাবে ওই বাসায় প্রবেশ করে। তাদের মধ্যে কয়েকজন নিজেদের সিআইডি পুলিশের সদস্য পরিচয় দিয়ে বাসায় প্রবেশের পর নারীকে জোরপূর্বক টানাহেঁচড়া করে তুলে নিয়ে যাওয়ার চেষ্টা করেন বলে অভিযোগ পাওয়া গেছে। এ সময় বাসার ভেতর থেকে চিৎকার-চেঁচামেচির শব্দ শুনে আশপাশের লোকজন ছুটে এসে অভিযুক্তদের আটক করেন। পরে থানায় খবর দেওয়া হলে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাদের হেফাজতে নেয়।
সিআইডি পুলিশের আদলে জ্যাকেট ও ওয়াকিটকি ব্যবহার করে সাধারণ মানুষের কাছে নিজেদের আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য হিসেবে উপস্থাপনের অভিযোগটি ঘটনাটিকে আরও গুরুতর করে তুলেছে। আইনশৃঙ্খলা বাহিনীর পরিচয় ও সরঞ্জামের আদলে পোশাক ব্যবহার করে কোনো ব্যক্তিকে জোরপূর্বক তুলে নেওয়ার চেষ্টা করা হলে তা জনমনে আতঙ্ক সৃষ্টি করার পাশাপাশি পুলিশের ভাবমূর্তিও ক্ষুণ্ন করতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।
গ্রেফতারকৃতরা হলেন, লক্ষ্মীপুরের শুভ চৌধুরী ওরফে শহিদুল ইসলাম (৩২), রুবেল হোসেন (২৯), রাজশাহীর মো. জাহাঙ্গীর আলম (২৮), বগুড়ার আবুল কাশেম সোহেল (৩৮), চট্টগ্রামের মিরসরাইয়ের মো. শাহাদাত হক খান চৌধুরী (২৯), ফেনীর পরশুরামের মো. নাদির (২৯) এবং ঢাকার বংশালের মো. শরীফ মিয়া (৫৫)। গ্রেফতারকৃতদের মধ্যে জাহাঙ্গীর আলম অবসরপ্রাপ্ত নৌ সদস্য, আবুল কাশেম সোহেল অবসরপ্রাপ্ত সেনা সার্জেন্ট এবং শাহাদাত হক খান চৌধুরী অবসরপ্রাপ্ত সেনা ল্যান্স কর্পোরেল বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের অভিযানে সিআইডি বাংলাদেশ পুলিশের জ্যাকেটের আদলে তৈরি ৪টি জ্যাকেট, ৩টি ওয়াকিটকি সেট এবং তাদের ব্যবহৃত ১টি এক্স-নোহা গাড়ি উদ্ধার করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে সুধারাম থানা পুলিশ।
পূর্বপরিকল্পনা এবং সংশ্লিষ্ট অন্য কারও সম্পৃক্ততা রয়েছে কি না, তা খতিয়ে দেখছে পুলিশ।

