চট্টগ্রামে নারীদের নিরাপদ যাতায়াতে চালু ‘পিংক বাস’

“নারী চালক-হেলপারে পরিচালিত বিশেষ বাস সার্ভিস, কালুরঘাট থেকে পতেঙ্গা পর্যন্ত চলবে”

হোসেন মিন্টুঃ

চট্টগ্রাম নগরীতে নারীদের গণপরিবহন ব্যবহারে দীর্ঘদিনের নিরাপত্তাহীনতা, ভিড় ও ভোগান্তি কমাতে অবশেষে চালু হলো বিশেষ ‘মহিলা বাস সার্ভিস’। গোলাপি রঙের বিশেষায়িত এ বাস সার্ভিসটি ইতোমধ্যে নগরীর সড়কে যাত্রা শুরু করেছে। নারী যাত্রীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন চলাচল নিশ্চিত করার পাশাপাশি পরিবহন খাতে নারীদের কর্মসংস্থানের নতুন দুয়ার খুলেছে এ উদ্যোগ। মঙ্গলবার উদ্বোধনের মধ্য দিয়ে দুটি বাস নিয়ে এ বিশেষ সার্ভিসের আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। ব্যতিক্রমী এ সার্ভিসের সবচেয়ে গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো, বাস দুটির চালক ও হেলপার হিসেবে দায়িত্ব পালন করবেন নারীরাই।

সংশ্লিষ্ট সূত্র জানায়, নতুন এ ‘পিংক বাস’ সার্ভিস কালুরঘাট বেতার কেন্দ্র এলাকা থেকে নগরীর ফ্রি পোর্ট হয়ে পতেঙ্গা পর্যন্ত চলাচল করবে। নির্ধারিত রুটে বাস দুটি মোট ১২টি স্টপেজে যাত্রী ওঠানামার জন্য থামবে। ফলে রুটের বিভিন্ন এলাকার নারী যাত্রীরা নির্দিষ্ট স্টপেজ থেকে সহজেই বাসে উঠতে ও নামতে পারবেন। চট্টগ্রাম নগরীতে প্রতিদিন কর্মজীবী নারী, শিক্ষার্থী, চাকরিজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার বিপুলসংখ্যক নারী গণপরিবহনের ওপর নির্ভরশীল। কিন্তু অতিরিক্ত ভিড়, আসন সংকট, পুরুষ যাত্রীদের চাপ এবং নানা ধরনের নিরাপত্তাজনিত সমস্যায় তাদের প্রতিনিয়ত বিড়ম্বনার শিকার হতে হয়। বিশেষ করে কর্মব্যস্ত সময়ে গণপরিবহনে নারীদের জন্য নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত অনেকটা দুরূহ হয়ে ওঠে।

এ বাস্তবতায় পৃথক নারী বাস সার্ভিস চালুর উদ্যোগকে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা। তাদের প্রত্যাশা, নারী চালক ও হেলপার পরিচালিত এ সার্ভিস নারীদের গণপরিবহনে চলাচলের ক্ষেত্রে আস্থার পরিবেশ তৈরি করবে এবং নিরাপত্তাজনিত উদ্বেগ অনেকটাই কমিয়ে আনবে। শুধু নিরাপদ যাতায়াত নিশ্চিত করাই নয়, নারীদের জন্য চালক ও হেলপারের মতো গুরুত্বপূর্ণ পরিবহন পেশায় প্রবেশের সুযোগ সৃষ্টি এ উদ্যোগের আরেকটি উল্লেখযোগ্য দিক। এর ফলে একদিকে যেমন নারী যাত্রীরা নিরাপদ পরিবহন সুবিধা পাবেন, অন্যদিকে পরিবহন খাতে নারীদের অংশগ্রহণও বাড়বে বলে আশা করা হচ্ছে।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য এরশাদ উল্লাহ বলেন, নারীদের নিরাপদ ও স্বাচ্ছন্দ্যময় যাতায়াত নিশ্চিত করা সরকারের নির্বাচনী অঙ্গীকারের অংশ। সেই অঙ্গীকার বাস্তবায়নের ধারাবাহিকতায় এ বিশেষ বাস সার্ভিস চালু করা হয়েছে। তিনি বলেন, বাসের চালক ও হেলপার সবাই নারী হওয়ায় নারীদের জন্য একটি নিরাপদ ও স্বস্তিদায়ক পরিবেশ তৈরি হবে। তিনি আরও বলেন, সরকারের যে উদ্দেশ্যে এ কর্মসূচি শুরু করেছে, তা বাস্তবায়নে সংশ্লিষ্টদের কার্যকর ভূমিকা রাখতে হবে। নারীরা যাতে নির্বিঘ্নে, নিরাপদে ও স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারেন, সেটিই এ সার্ভিসের মূল লক্ষ্য।

উদ্বোধনী অনুষ্ঠানে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার জিয়াউদ্দিন, জেলা প্রশাসক জাহিদুল ইসলাম, চট্টগ্রাম রেঞ্জের ডিআইজি, চট্টগ্রাম জেলা পুলিশ সুপার মাসুদ আলম, বিআরটিএ চট্টগ্রাম বিভাগের পরিচালক মাসুদ আলমসহ বিআরটিসির বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টরা বলছেন, প্রাথমিকভাবে দুটি বাস দিয়ে শুরু হলেও চাহিদা ও যাত্রীসেবার বাস্তবতা বিবেচনায় ভবিষ্যতে এ সার্ভিসের পরিধি বাড়ানো যেতে পারে। সঠিক ব্যবস্থাপনা, নির্ধারিত সময়সূচি ও পর্যাপ্ত বাস নিশ্চিত করা গেলে চট্টগ্রাম নগরীর নারী যাত্রীদের দীর্ঘদিনের গণপরিবহন সংকট ও নিরাপত্তা উদ্বেগ নিরসনে ‘পিংক বাস’ কার্যকর ভূমিকা রাখতে পারে।

নগরীর নারী যাত্রীদের প্রত্যাশা, নতুন এ সার্ভিস যেন শুধু উদ্বোধনের মধ্যেই সীমাবদ্ধ না থাকে; বরং নিয়মিত, সময়নিষ্ঠ ও নিরাপদ পরিবহন ব্যবস্থা হিসেবে দীর্ঘমেয়াদে কার্যকর থাকে। বিশেষ করে কর্মজীবী নারী ও শিক্ষার্থীদের যাতায়াতকে কেন্দ্র করে রুট ও বাসের সংখ্যা বাড়ানো গেলে এ উদ্যোগ নগর পরিবহনে নারীবান্ধব ব্যবস্থার একটি কার্যকর মডেল হয়ে উঠতে পারে।

নিউজটি শেয়ার করুনঃ