চট্টগ্রামে ৪৮ লিটার চোলাইমদসহ গ্রেপ্তার ১

“চান্দগাঁওয়ে পুলিশের অভিযানে মাদক কারবারির বিরুদ্ধে মামলা, আগেও রয়েছে দুই মাদক মামলা”

হোসেন মিন্টুঃ

চট্টগ্রাম নগরীর চান্দগাঁও থানাধীন উত্তর মোহরা এলাকায় অভিযান চালিয়ে ৪৮ লিটার দেশীয় তৈরি চোলাইমদসহ মিন্টু দাস (৩২) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে চান্দগাঁও থানা পুলিশ। অভিযানে বিপুলসংখ্যক খালি জুসের বোতলও জব্দ করা হয়েছে।পুলিশের প্রাথমিক ধারণা, চোলাইমদ সংরক্ষণ ও সরবরাহের কাজে এসব বোতল ব্যবহারের উদ্দেশ্য থাকতে পারে।

পুলিশ সূত্রে জানা যায়, চান্দগাঁও থানার অফিসার ইনচার্জের নেতৃত্বে এসআই (নিরস্ত্র) মো. জসিম উদ্দিন, এএসআই (নিরস্ত্র) মো. আলমগীর হোসেন, এএসআই (নিরস্ত্র) জুয়েল ত্রিপুরাসহ পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে উত্তর মোহরা ৫ নম্বর ওয়ার্ডের খেজুরতলা হায়দার আলীর কলোনিতে অভিযান পরিচালনা করে। এ সময় মিন্টু দাসকে আটক করে তার হেফাজত থেকে ৪৮ লিটার দেশীয় তৈরি চোলাইমদ উদ্ধার করা হয়। অভিযানে বিভিন্ন কোম্পানির জুসের খালি বোতলভর্তি পাঁচটি প্লাস্টিকের বস্তাও জব্দ করা হয়েছে।

পুলিশের ভাষ্য অনুযায়ী, উদ্ধার করা চোলাইমদ অবৈধভাবে মজুদ ও বিক্রির উদ্দেশ্যে রাখা হয়েছিল বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। নগরীর আবাসিক ও ঘনবসতিপূর্ণ এলাকায় এ ধরনের মাদকদ্রব্যের অবৈধ মজুদ ও বেচাকেনা জননিরাপত্তার জন্য মারাত্মক হুমকি সৃষ্টি করছে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। গ্রেপ্তার মিন্টু দাস (৩২) কালুরঘাট, খেজুরতলা, ডাক্তার বাড়ি এলাকার বাসিন্দা। তার পিতা মৃত বাবুল দাস এবং মাতা মালতি দাস।

পুলিশের তথ্যমতে, মিন্টু দাসের বিরুদ্ধে চান্দগাঁও থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে আগেও দুটি মামলা রয়েছে। এর মধ্যে ২০২৪ সালের ৮ জুলাই চান্দগাঁও থানায় এফআইআর নং-৪, জিআর নং-২১২ দায়ের করা হয়।মামলাটিতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২৪(খ) ধারায় অভিযোগ আনা হয়। এর আগে ২০২৩ সালের ১৯ ডিসেম্বর চান্দগাঁও থানায় এফআইআর নং-৩০, জিআর নং-৪৯৭ নম্বরে একই আইনের একই ধারায় তার বিরুদ্ধে আরেকটি মামলা দায়ের করা হয়েছিল।

একই ব্যক্তির বিরুদ্ধে একাধিক মাদক মামলা থাকার বিষয়টি সামনে আসায় তার মাদক সংশ্লিষ্টতার বিষয়টি নতুন করে আলোচনায় এসেছে। পুলিশ বলছে, মাদকের বিরুদ্ধে চলমান অভিযানের অংশ হিসেবেই চান্দগাঁও থানা এলাকায় নজরদারি ও অভিযান জোরদার করা হয়েছে। এ ঘটনায় উদ্ধার করা চোলাইমদ ও অন্যান্য আলামত জব্দ করে গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। মাদকের উৎস, সরবরাহকারী ও সংশ্লিষ্ট অন্যদের শনাক্ত করতে তদন্ত অব্যাহত রয়েছে বলে পুলিশ জানিয়েছে।

নিউজটি শেয়ার করুনঃ